ইউপি সদস্যকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার সূর্যমণি ইউনিয়ন পরিষদের (ইউপি) ৩ নম্বর ওয়ার্ডের সদস্য মো. শাহাবুদ্দিন সিকদারকে গতকাল শুক্রবার কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করা হয়। শাহাবুদ্দিন ওই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
শাহাবুদ্দিন সিকদার অভিযোগ করেন, পূর্ববিরোধ ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে একই ইউপির চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন ওরফে বাচ্চুর নেতৃত্বে সন্ত্রাসীরা তাঁর ওপর ওই হামলা করেছে।
শাহাবুদ্দিন সিকদার আরও জানান, গতকাল দুপুরে তাঁর চাচাতো ভাই জালাল সিকদারের দোকানে গিয়ে আনোয়ার হোসেনের ছোট ভাই শাহ আলম বাকিতে সিগারেট চান। বাকিতে সিগারেট দিতে রাজি না হওয়ায় জালালকে মারধর করেন শাহ আলম। খবর পেয়ে তিনি গিয়ে তাঁর ভাইকে উদ্ধার করেন। এ ঘটনার জের ধরে বিকেল পাঁচটার দিকে ওই ইউনিয়নের গাজিমাঝি বাজারে আনোয়ার হোসেন ও তাঁর লোকজন তাঁকে দা দিয়ে কুপিয়ে জখম করেন। পরে তাঁকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এ অভিযোগ অস্বীকার করে জানান, জালাল ও শাহ আলমের মধ্যে কথা-কাটাকাটি হয়। ওই ঘটনাকে কেন্দ্র করে বিকেলে শাহাবুদ্দিন সিকদার মারামারি করতে তাঁর লোকজন নিয়ে বাজারে উপস্থিত হন।