ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আল মামুন খুন হয়েছেন। গতকাল শনিবার সকালে বিটঘর গ্রাম থেকে তাঁর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত আল মামুন (৩৮) বিটঘর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তিনি ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন। এ ঘটনায় পুলিশ নিহতের খালা শামছুন নাহারকে (৫২) আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আল মামুনের সঙ্গে তাঁর খালাতো ভাই জুয়েল ও মিঠুর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত শুক্রবার মধ্যরাতে একদল দুর্বৃত্ত মামুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এরপর বিটঘর গ্রামের পরিত্যক্ত জমিদার বাড়ির ভেতরে ছাইয়ের স্তূপে লাশ পুঁতে রাখে। গতকাল সকালে পুলিশ লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। লাশের শরীরে ২০-২৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নবীনগর থানার ওসি রূপক কুমার সাহা বলেন, জুয়েল ও মিঠু পারিবারিক বিরোধের জের ধরে মামুনকে খুন করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।