ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ড সদস্য মিঠু ব্যাপারীকে (৩২) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাত নয়টার দিকে চরচান্দা গ্রামে তাঁর বাড়ির কাছে দুর্বৃত্তরা কুপিয়ে ফেলে রেখে যায়।
শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা বলেন, এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে চরচান্দা গ্রামের কালাই জমাদ্দারের ছেলে রাজা মিয়া জমাদ্দার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবার লাশ দাফন নিয়ে ব্যস্ত থাকায় গতকাল বুধবার সন্ধ্যা পর্যন্ত মামলা দিতে আসেনি। হত্যাকাণ্ডে জড়িত অন্যদের আটকের জন্য পুলিশ চেষ্টা করছে।
শিবচর থানা-পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, কাঁঠালবাড়ি ইউপির ২ নম্বর ওয়ার্ড সদস্য মিঠু ব্যাপারী স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি চরচান্দা গ্রামের মৃত তোতা মিয়া ব্যাপারীর ছেলে। মিঠু ব্যাপারী এ বছর বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হন। এলাকায় প্রভাব বিস্তার নিয়ে স্থানীয় জমাদ্দার গোষ্ঠীর সঙ্গে তাঁর বিরোধ ছিল।
মঙ্গলবার রাত নয়টার দিকে বাড়ি ফেরার পথে তাঁকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাত ১০টার দিকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। গতকাল বুধবার সেখানে তাঁর লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।
মিঠু ব্যাপারীর স্ত্রী লিপি আক্তার বলেন, ‘আমার স্বামীর সঙ্গে রাজা মিয়া জমাদ্দারদের বিরোধ ছিল। তারাই তাঁকে হত্যা করেছে। আমি হত্যাকারীর ফাঁসি চাই।’
কাঁঠালবাড়ি ইউপি চেয়ারম্যান সোহেল ব্যাপারী বলেন, মিঠু এলাকায় প্রতিবাদী মানুষ হিসেবে পরিচিত ছিলেন। তিনি আগেও এ পরিষদের সদস্য ছিলেন। কারা কেন তাঁকে হত্যা করেছে, তা বুঝতে পারছি না।