ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় পূর্ববিরোধের জের ধরে আনোয়ার হোসেন (৪৫) নামের ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করেছেন। গত শনিবার রাতে সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সেন্দ গ্রামের নোহাটি এলাকায় এ ঘটনা ঘটে।
আনোয়ার হোসেনের বাড়ি সেন্দগ্রামে। তিনি রামরাইল ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। ঘটনায় জড়িত সন্দেহে দানা মিয়া (৫৭) ও মুছা মিয়া (৩৬) নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আনোয়ারের স্ত্রী জুলেখা বেগম অভিযোগ করেন, ‘নির্বাচনে হেরে যাওয়ায় ইয়াছিন মোল্লা ও তাঁর লোকজন পরিকল্পিতভাবে আমার স্বামীকে খুন করেছে।’
এ বিষয়ে জানতে ইয়াছিন মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তা বন্ধ পাওয়া যায়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপপরিদর্শক (এসআই) ইশতিয়াক আহমেদ গতকাল রোববার রাত পৌনে আটটায় জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।
নিহত ব্যক্তির পরিবার সূত্রে জানা গেছে, আনোয়ার হোসেনের সঙ্গে একই গ্রামের ইয়াছিন মোল্লার বিরোধ ছিল। গত ২৮ মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে রামরাইল ইউপির ৯ নম্বর ওয়ার্ডের সদস্যপদে আনোয়ার হোসেনের কাছে পরাজিত হন ইয়াছিন মিয়া। এরপর দুপক্ষের লোকজনের মধ্যে বিরোধ তীব্র হয়।