ইউপি সদস্যকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাহাত জান সরদারকে (৩৮) প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গদখালী বাজারে এ হত্যার ঘটনা ঘটে। মাত্র তিন মাস আগে তাঁর বড় ভাইও খুন হন। পরিবারের দাবি, বড় ভাইয়ের হত্যাকারীরাই রাহাত জানকে খুন করেছে। 

নিহত রাহাত জান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পাশাপাশি তিনি গদখালী ফুল ব্যবসায়ী ও ফুলচাষি কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গদখালী মঠবাড়িয়া গ্রামের আবদুল জলিলের তিন ছেলের মধ্যে মেজ। নিহত ইউপি সদস্য গ্রামে দুই স্ত্রী, দুই শিশুপুত্র ও এক শিশুকন্যাকে নিয়ে বসবাস করতেন।
পরিবার সূত্রে জানা গেছে, মাস তিনেক আগে রাহাত জানের বড় ভাই হাসান সরদারকেও দুর্বৃত্তরা প্রকাশ্যে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় হাসান সরদারের স্ত্রী চায়না খাতুন সাতজনকে আসামি করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। সাত আসামির মধ্যে পাঁচজনকেই পুলিশ এখন পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি।

স্বজনদের অভিযোগ, পুলিশ ওই মামলার আসামিদের গ্রেপ্তার করেনি বলে পরিবারের আরেকজনকে হারাতে হয়েছে।

রাহাত জান হত্যাকাণ্ডের ব্যাপারে তাঁর ছোট ভাই মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, সকাল ১০টার দিকে তাঁর ভাই গদখালী বাজারের একটি সেলুন থেকে চুল-দাড়ি কাটিয়ে বের হওয়ার সময় সন্ত্রাসীরা খুব কাছ থেকে গুলি করে পালিয়ে যায়। মৃত্যুর আগে তিনি বলে গেছেন, ‘ভাইজানকে (হাসান সরদার) যারা হত্যা করেছে, আমাকেও তারা গুলি করেছে।’
ছোট ভাই অভিযোগ করেন, ‘বড় ভাইকে হত্যার পর ভাবি চায়না খাতুন সাতজনকে আসামি করে ঝিকরগাছা থানায় একটি হত্যা মামলা করেন। মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে। যে কারণে আরেক ভাইকে হারাতে হলো।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আজ সকালে রাহাত জান স্থানীয় গদখালী বাজারে বিল্লালের সেলুনে বসে চুল-দাড়ি কাটান। সেলুন থেকে বের হওয়ার সময় হঠাৎ একটি মোটরসাইকেল সেলুনের সামনে এসে থামে। মোটরসাইকেলে হেলমেট পরা তিনজন ছিল। তাদের মধ্যে দুজন চালু রাখা মোটরসাইকেলের ওপর বসে ছিল। অপরজন মোটরসাইকেল থেকে নেমে রাহাত জানকে লক্ষ্য করে গুলি করে। পরে তিনজন মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে রাহাতকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাহাত জানকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে জানতে চাইলে ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম প্রথম আলোকে বলেন, ‘কে বা কারা রাহাত জানকে গুলি করে হত্যা করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পূর্বশত্রুতার জের ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।’
বড় ভাইয়ের হত্যাকারীদের গ্রেপ্তার না করায় আরেক ভাইকে খুন হতে হয়েছে—নিহত ব্যক্তির ছোট ভাইয়ের এ অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, ‘বড় ভাই হাসান সরদার হত্যা মামলা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তদন্ত করছে। এ ব্যাপারে আমাদের তেমন কিছু জানা নেই।’