ইউপি সদস্যকে তুলে নিয়ে গেল ৭-৮ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউপি সদস্য হাসানুজ্জামান। ছবি ফেসবুক থেকে নেওয়া
ইউপি সদস্য হাসানুজ্জামান। ছবি ফেসবুক থেকে নেওয়া

মেহেরপুরের গাংনীতে হাসানুজ্জামান (৩২) নামের এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য অপহৃত হয়েছেন। গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় মাইক্রোবাসে করে সাত থেকে আটজনের একটি দল তাঁকে চাঁদপুর গ্রামের একটি চায়ের দোকান থেকে তুলে নিয়ে যায়। অভিযোগ, ডিবি পুলিশ তাঁকে তুলে নিয়ে গেছে।

অপহৃত হাসান গাংনী উপজেলার রাইপুর ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য।

এলাকার কয়েকজন প্রথম আলোকে বলেন, গতকাল সন্ধ্যায় হাসান মেম্বার গ্রামের একটি চায়ের দোকানে চা খাচ্ছিলেন। হঠাৎ সাদা রঙের একটি মাইক্রোবাস এসে সেখানে থামে। এরপর মাইক্রোবাস থেকে সাত থেকে আটজন সাদাপোশাকধারী ব্যক্তি নেমে হাসানকে জাপটে ধরে মাইক্রোবাসে তোলে। এ সময় ওই চায়ের দোকানে বসে থাকা কয়েকজন সাধারণ মানুষ আটকের বিষয়টি জানতে চাইলে, তারা নিজেদের প্রশাসনের লোক বলে দাবি করে।

এদিকে হাসানের পরিবারের লোকজন গাংনী থানার পুলিশ ও মেহেরপুর ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করলে হাসানকে প্রশাসনের কেউ আটক করেনি বলে জানানো হয়।

হাসানের বোন আফরোজা খাতুন প্রথম আলোকে বলেন, তাঁর ভাই খুব সাধারণ জীবন যাপন করতেন। কারও সঙ্গে বিরোধ ছিল না।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, হাসান নামের কাউকে আটক করা হয়নি।
মেহেরপুর পুলিশ সুপার আনিছুর রহমানও একই কথা বলেন।