ইউপি সদস্যকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় খোরশেদ আলম দুলাল (৫৯) নামের এক ইউপি সদস্য আহত হয়েছেন। গত শুক্রবার রাতে উপজেলার রায়কালী ইউনিয়নের চন্দনদীঘি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার আক্কেলপুর থানায় মামলা হয়েছে।
খোরশেদ আলম রায়কালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের সদস্য। তাঁর বাড়ি গুডুম্বা গ্রামে। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খোরশেদ আলম শুক্রবার সন্ধ্যায় একটি গ্রাম্য সালিসে উপস্থিত ছিলেন। সালিস শেষে তিনি চন্দনদীঘি বাজারে তাঁর ভাতিজা চপলের দোকানে যান। রাত সাড়ে নয়টার দিকে সাত-আটজনের একটি দল সেখানে তাঁর ওপর অতর্কিতে হামলা চালায়। তাদের পিটুনিতে খোরশেদ আলম গুরুতর আহত হন। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা সেখান থেকে চলে যায়। পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। ওই রাতেই তিনি থানায় অভিযোগ করেন। গতকাল সকালে তিনি বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় তিন-চারজনের নামে আক্কেলপুর থানায় মামলা করেন।
হাসপাতালে চিকিৎসাধীন খোরশেদ আলম গতকাল বলেন, ‘সালিস শেষ করে চন্দনদীঘি বাজারে ভাতিজা চপলের দোকান বসে ছিলাম। তখন চিয়ারি গ্রামের মুসা, আনোয়ার, আমিনুর রহমান, বাবু কাজীসহ সাত-আটজন এসে আমাকে মারধর করে। তারা সালিসে বহিরাগত হিসেবে উপস্থিত ছিল। এ জন্য তাদের সেখান থেকে বেরিয়ে যেতে বলেছিলাম। এ কারণে তারা হামলা করেছে।’
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ইউপি সদস্য খোরশেদ আলমকে পিটিয়ে আহত করার ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।