ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে জখম
পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের চরমিয়াজান এলাকায় গত বুধবার রাতে মো. কামাল হোসেন শিকদার (৩৫) নামের এক ইউপি সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। আহত অবস্থায় তাঁকে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কামাল হোসেন চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য। গতকাল বৃহস্পতিবার দুপুরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় এক নারীকে জোরপূর্বক ধর্ষণ করতে গিয়ে কামাল হোসেন ওই ঘটনার শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় লোকজন ও ওই নারীর স্বামীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কামাল হোসেন দীর্ঘদিন ধরে অনৈতিক প্রস্তাব দিয়ে ওই নারীকে উত্ত্যক্ত করে আসছেন। সর্বশেষ বুধবার রাত নয়টার দিকে ওই নারীর ঘরে ঢুকে অনৈতিক প্রস্তাব দেন কামাল হোসেন। এতে রাজি না হওয়ায় ওই নারীকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালান তিনি। তখন ওই নারীর চিৎকারে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন এসে কামালকে ধরে পিটুনি দেন এবং কুপিয়ে জখম করেন। পরে স্থানীয় লোকজন এসে কামালকে উদ্ধার করে ওই রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গতকাল দুপুরে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর ক্ষুব্ধ ওই ইউপি সদস্যের স্বজনেরা ওই নারীর ঘরে ঢুকে আসবাব ও মালামাল ভাঙচুর করেন।
ভুক্তভোগী ওই নারী বলেন, প্রায় এক বছর ধরে কামাল হোসেন তাঁকে অনৈতিক প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছেন। বিষয়টি তিনি তাঁর স্বামী ও এক নারী ইউপি সদস্যকে জানিয়েছেন। তিনি এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।
ওই নারী ইউপি সদস্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইউপি সদস্য কামাল প্রভাবশালী হওয়ায় ওই নারীর পরিবার ও তাঁর কিছুই করার ছিল না।
কামাল হোসেনের বাবা মো. আলম শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর ছেলেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে ঘরের মধ্যে আটকে পিটিয়ে ও কুপিয়ে জখম করা হয়েছে। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, সালিস-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে।
ইউপি চেয়ারম্যান এনামুল হক আলকাচ মোল্লা বলেন, খবর পেয়ে ওই রাতেই তিনি ঘটনাস্থলে যান। তবে কামালকে পিটিয়ে ও কুপিয়ে আহত করার কারণ সম্পর্কে বলতে তিনি অপারগতা প্রকাশ করেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আযম খান ফারুকী বলেন, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।