নাটোর সদর উপজেলার বড়হরিশপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর কিছু কর্মকর্তা-কর্মচারী রড দিয়ে পিটিয়ে জখম করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকার বন্ধ বিদ্যুৎ সরবরাহের দাবি জানাতে গিয়ে গতকাল সোমবার সকালে তিনি এ হামলার শিকার হন।
ইউপির ২ নম্বর ওয়ার্ডের ওই সদস্য মো. সালাউদ্দিন নাটোর আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি গণমাধ্যমকর্মীদের কাছে অভিযোগ করেন, চার দিন আগে তাঁর এলাকার দত্তপাড়া-ডাঙ্গাপাড়া সড়কের শেষ মাথায় ঝড়ে একটি গাছ বৈদ্যুতিক লাইনের ওপর পড়লে ট্রান্সমিটারে আগুন ধরে যায়। এতে ট্রান্সমিটারটি বিকল হয়ে পড়ে। এ কারণে দত্তপাড়া, পতেঙ্গাপাড়া, দক্ষিণপুর, ডাঙ্গাপাড়া ও ধরাইল গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ নিয়ে কথা বলতে তিনি গতকাল সকালে পল্লী বিদ্যুতের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী দুলাল কুমারের সঙ্গে দেখা করেন। এ সময় প্রকৌশলী তাঁকে বলেন, নিয়মানুযায়ী সুবিধাভোগী জনসাধারণকে নগদ টাকায় ট্রান্সমিটার কিনে নিতে হয়। তাই এর জন্য নগদ ৩০ হাজার টাকা জমা দিতে হবে। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে প্রকৌশলী দুলাল ও আলামিনের নেতৃত্বে ওই কার্যালয়ের লোকজন তাঁকে টেনেহিঁচড়ে নিরাপত্তাকর্মীদের কক্ষে নিয়ে মারধর করেন। এ সময় তাঁকে রড দিয়ে পেটানো হয়। পরে আবার টেনেহিঁচড়ে সমিতির প্রধান ফটকের বাইরে ফেলে রেখে আসেন তাঁরা। সেখান থেকে সংজ্ঞাহীন অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে হাসপাতালে ভর্তি করে।
সালাউদ্দিন বলেন, এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নেয়নি। তিনি আজ মঙ্গলবার আদালতে মামলা করবেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বলেন, ইউপি সদস্যের পিঠে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে প্রকৌশলী দুলাল কুমার বলেন, এই ইউপি সদস্য প্রথমে তাঁকে চেয়ার তুলে আঘাত করেন। এতে কার্যালয়ের অন্য লোকজন এসে ইউপি সদস্যকে কিছু মারধর করেন।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর মহাব্যবস্থাপক বেলাল উদ্দিন বলেন, ওই ইউপি সদস্যই প্রথমে তাঁর কর্মকর্তাকে চেয়ার তুলে মারেন। এতে অপ্রীতিকর এ পরিস্থিতির সৃষ্টি হয়।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর পরিচালক জালাল উদ্দিন বলেন, তিনি আগের ঘটনা কিছুই জানেন না। তবে নিজ কার্যালয়ে আসার পর তিনি দেখেন, একদল লোক সালাউদ্দিনকে পেটাচ্ছে। এতে বাধা দিতে গিয়ে তিনিও আহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।