ইউপি সদস্যকে মারধর করলেন আ.লীগ নেতা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আওয়ামী লীগের এক নেতা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উজানচর ইউনিয়নের জামতলা উচ্চবিদ্যালয়ের মাঠ সংস্কার নিয়ে গত রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটেছে।
উজানচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হজরত আলী ওই ওয়ার্ডের ইউপি সদস্য নুরুল ইসলামকে লাঞ্ছিত করেন। এ ঘটনার পর ওই রাতেই নুরুল ইসলাম গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।
উজানচর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম জানান, গত কোরবানির ঈদে জামতলা উচ্চবিদ্যালয় মাঠে নামাজ আদায়কালে উপস্থিত মুসল্লিরা তাঁর কাছে মাঠ সংস্কারের দাবি জানান। তাঁদের কাছে দেওয়া ওয়াদা পূরণের জন্য তিনি গত সপ্তাহে মাঠের পাশের খাদ থেকে এক্সাভেটর দিয়ে কিছু মাটি কাটেন। ট্রাকে করে এই মাটি এনে মাঠের বিভিন্ন স্থানে ফেলে সংস্কারকাজ শুরু করেন। গত শনিবার ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি হজরত আলী শ্রমিকদের মাঠে কাজ করতে বারণ করেন। পরদিন রোববার ইউপি সদস্য নিজেই উপস্থিত থেকে কাজ শুরু করেন। সন্ধ্যায় জামতলা বাজারে বসে আড্ডা দেওয়ার সময় নুরুল ইসলাম তাঁকে ডাক দেন। এ সময় তিনি তাঁকে বলেন, ‘কাজ করতে হলে টাকাপয়সা দিয়ে করতে হবে। তা না দিয়ে কেন কাজ করছিস?’ বলেই কিলঘুষি মারা শুরু করেন হজরত। এ সময় উভয়ের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন তাঁদের নিবৃত্ত করেন। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়। পরে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি রাতেই গোয়ালন্দ ঘাট থানায় লিখিত অভিযোগ করেন। এ ছাড়া গতকাল সোমবার তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন।
অভিযোগ অস্বীকার করে হজরত আলী বলেন, নুরুল ইসলাম বিদ্যালয় মাঠে টেস্ট রিলিফের (টিআর) বরাদ্দ করা অর্থ দিয়ে কাজ করছিলেন। এ ছাড়া মাঠের বিভিন্ন স্থানে দুই-তিন ট্রাক বালু ছড়িয়ে ছিটিয়ে রাখায় মাঠটি নষ্ট হয়ে যায়। এমনকি ওই সব বালু সরাতে তিনি ৪০ দিনের কর্মসূচির লোকজন দিয়ে কাজ করতে থাকেন। এ নিয়ে এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে গেলে উপস্থিত লোকজনের সামনে উল্টো তিনি গালমন্দ ও উচ্চ বাক্যবিনিময় করেন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন ফকির বলেন, ‘গত কোরবানির ঈদের নামাজ আদায়কালে মুসল্লিদের দাবির পরিপ্রেক্ষিতে ইউপি সদস্য আমাদের সঙ্গে পরামর্শ করেই তাঁর ব্যক্তিগত অর্থে মাঠটি সংস্কারকাজ করছিলেন। কিন্তু এটি নিয়ে সরকারদলীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা হয়ে একজন জনপ্রতিনিধিকে এভাবে লাঞ্ছিত করা মোটেও উচিত হয়নি।’ বিষয়টি তিনি উপজেলা আওয়ামী লীগ নেতাদের জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, ‘তিনি ওয়ার্ডের নির্বাচিত জনপ্রতিনিধি। জনগণের সুবিধার্থে তিনি কাজ করছিলেন। সেখানে ওই নেতার কী কাজ বুঝলাম না। এ ছাড়া তিনি জনপ্রতিনিধিকে মারধর করে অন্যায় করেছেন। বিষয়টি দলীয় ফোরামে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, ইউপি সদস্য লাঞ্ছিত হওয়ার ঘটনায় তিনি বাদী হয়ে রাতেই একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খোঁজখবর নিয়ে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।