ইউপি সদস্যকে যুবলীগ নেতার মারধর?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক যুবলীগ নেতার বিরুদ্ধে গত সোমবার লালমনিরহাটের হাতীবান্ধার গোতামারী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনিছুর রহমানকে পেটানোর অভিযোগে উঠেছে।
না জানিয়ে ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ শুরু করা ও তাতে সম্পৃক্ত না করার অজুহাতে যুবলীগ নেতা আহেদুল ইসলাম ও তাঁর লোকজন এ ঘটনা ঘটিয়েছেন বলে জানা গেছে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে গোতামারী ইউনিয়নের দইখাওয়া গ্রামে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আহেদুলের বাড়ির সামনে আনিছুরকে মারধর করেন আহেদুল ও তাঁর লোকজন। এ ব্যাপারে গতকাল মঙ্গলবার গোতামারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আহেদুলসহ সাতজনকে আসামি করে থানায় একটি মামলা করা হয়েছে।
জানতে চাইলে আহেদুল ইসলাম বলেন, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের কাজ দেওয়ার কথা বলে আনিছুর মেম্বার অনেকের কাছ থেকে টাকা নিয়ে তাঁদের কাউকে কাজ দিয়েছেন আবার কাউকে কাজ দেননি। এ বিষয় জিজ্ঞাসা করলে তিনি হইচই শুরু করে দেন। এ সময় তাঁর সঙ্গে কথা-কাটাকাটি ও ধাক্কাধাক্কি হয়েছে মাত্র। তাঁরা আনিছুর মেম্বারকে মারেননি।
টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে আনিছুর বলেন, ‘এলাকার লোকজন ছুটে এসে আমাকে রক্ষা না করলে ওরা আমাকে মেরে ফেলত।’