ইউপি সদস্যকে লাঞ্ছিত করলেন চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার তালতলী উপজেলার কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে একই ইউপির এক সদস্যকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ইউপি কমপ্লেক্স নির্মাণের স্থান নির্ধারণ করা নিয়ে বৈঠক চলার সময় ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদের বিচার দাবিতে স্থানীয় লোকজন গত রোববার ও গতকাল সোমবার দুই দফায় আমতলী-তালতলী সড়কে মানববন্ধন করেন।
ভুক্তভোগী ইউপি সদস্য রেদওয়ান সরদার অভিযোগ করেন, কড়ইবাড়িয়া ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স নির্মাণের জন্য কড়ইবাড়িয়া বাজারের বাসিন্দা আবদুল মান্নান তালুকদার ৩৩ শতক জমি নামমাত্র মূল্যে বছর খানেক আগে ইউনিয়ন পরিষদের নামে দলিল করে দেন। কিন্তু ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ কড়ইবাড়িয়া বাজারের ওই জমিতে ভবন নির্মাণ না করে তাঁর বাড়ির কাছে হেলেঞ্চাবাড়িয়া গ্রামে ভবন নির্মাণের চেষ্টা করেন। তিনি (রেদওয়ান) এর বিরোধিতা করলে চেয়ারম্যান তাঁর ওপর ক্ষিপ্ত হন। এ নিয়ে স্থানীয় লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দিলে শনিবার রাতে কড়াইবাড়িয়া বাজারে একটি বৈঠক ডাকেন চেয়ারম্যান।
বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক অন্তত তিন ব্যক্তি বলেন, বৈঠকে চেয়ারম্যান তাঁর বাড়ির পাশের জমিতে ইউপি কমপ্লেক্স নির্মাণের সিদ্ধান্তে অনড় থাকেন। এ নিয়ে রেদওয়ানের সঙ্গে চেয়ারম্যানের তুমুল বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে চেয়ারম্যান নূর মোহাম্মদ লাঠি দিয়ে রেদওয়ানকে পেটান। পরে তাঁকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে ওঠেন। খবর পেয়ে তালতলী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইউপি সদস্যকে মারধরের অভিযোগ অস্বীকার করে নূর মোহাম্মদ বলেন, ‘ইউপি কমপ্লেক্স নির্মাণের জন্য কড়ইবাড়িয়া বাজার এলাকায় ইউনিয়ন পরিষদের নামে কোনো জমি নেই। এ জন্য আমার বাড়ি-সংলগ্ন এলাকায় নিজের জমি দান করে সেখানে কমপ্লেক্স ভবন নির্মাণের চেষ্টা করছি।’
এদিকে ইউপি সদস্যকে পিটিয়ে আহত করার ঘটনা পরদিন এলাকায় ছড়িয়ে পড়লে রোববার সকালে স্থানীয় লোকজন কড়ইবাড়িয়া বাজারে জড়ো হন। বেলা ১১টার দিকে তাঁরা আমতলী-তালতলী সড়ক অবরোধ করে সেখানে মানববন্ধন করেন। গতকাল সকালে ক্ষুব্ধ লোকজন আবার ওই সড়ক অবরোধ করে চেয়ারম্যান নূর মোহাম্মদের বিচার দাবি করেন।
ইউপি কমপ্লেক্স নির্মাণের জন্য জমিদাতা আবদুল মান্নান তালুকদার বলেন, এলাকার জনগণের স্বার্থে কম মূল্যে তিনি ওই জমি দেন। কিন্তু চেয়ারম্যান সেখানে কমপ্লেক্স নির্মাণ না করে তাঁর বাড়ির পাশে নির্মাণের ষড়যন্ত্র করছেন।