ইউপি সদস্যকে হত্যার হুমকি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরগুনার পাথরঘাটা উপজেলার কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে মারধর ও হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সকালে পাথরঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলা হয়।
ইউপি সদস্য আবুল কালাম আজাদ গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনে ইউপি চেয়ারম্যান আকন মোহাম্মদ সহিদের স্ত্রী রুবিনা আক্তার সংরক্ষিত ৫ (পাথরঘাটার আংশিক ও বামনা উপজেলা) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। ইউপি চেয়ারম্যানের ধারণা, আমরা তাঁর স্ত্রীকে ভোট দিইনি। এর জেরে গত ৩০ ডিসেম্বর সকালে চেয়ারম্যানের তিন সহযোগী রুনু বেগম, মোয়াজ্জেম হাওলাদার ও শ্যামল চন্দ্র শিকদার আমার পথরোধ করেন। পরে আরও দুজন তাঁদের সঙ্গে যোগ দেন। একপর্যায়ে আমাকে বেধড়ক মারধর করেন। ওই ঘটনায় পাঁচজনকে আসামি করে পাথরঘাটা থানায় মামলা করি। চেয়ারম্যান ওই মামলা তুলে নিতে বলেন। আমি রাজি না হওয়ায় ওই দিন সন্ধ্যায় মোয়াজ্জেম মুঠোফোনে আমাকে দেখে দেওয়ার হুমকি দেন। এর আগে ২৮ ডিসেম্বর মোয়াজ্জেম মুঠোফোনে আমাকে হত্যার হুমকি দিয়েছিলেন।’
আবুল কালাম আজাদ কালমেঘা ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ওই একই ওয়ার্ডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এক প্রশ্নের জবাবে তিনি প্রথম আলোকে বলেন, ‘তখন হত্যার হুমকির বিষয়টি গুরুত্ব দিইনি। কিন্তু এরপর আমাকে মারধর করা হলো। গত মঙ্গলবার আমার এক ভাতিজাকে মারধর করা হয়েছে।’
সংবাদ সম্মেলনে ছয়জন ইউপি সদস্যসহ ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতারা উপস্থিত ছিলেন।
জানতে চাইলে মোয়াজ্জেম হাওলাদার বলেন, ‘জেলা পরিষদ নির্বাচনের দিন বিকেলে ইউপি সদস্যকে (আবুল কালাম) আমি ফোন দিয়েছিলাম। তবে তাঁকে কোনো হুমকি দেওয়া হয়নি। মারধরের ঘটনায়ও আমি জড়িত নই।’
ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকন মোহাম্মদ সহিদ বলেন, রুনু বেগমের সঙ্গে একটু ঝামেলা হয়েছিল। ফয়সালার চেষ্টা করা হয়। কিন্তু ইউপি সদস্য তা না মেনে মামলা করেছেন।
পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক বলেন, আসামিরা আদালতের মাধ্যমে জামিনে আছেন।