যশোরে বিয়ের প্রলোভন দিয়ে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ ও এর ভিডিওচিত্র ইন্টারনেটে ছাড়ার ঘটনা সালিসের মাধ্যমে ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার ১৮ দিন পর ভুক্তভোগী পরিবারের মামলার পর পুলিশ তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার তিনজনের বাড়ি সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের একটি গ্রামে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ৫ অক্টোবর দুপুরে ওই স্কুলছাত্রী বাড়িতে একা ছিল। এ সুযোগে বাড়িতে প্রবেশ করেন এলাকার এক যুবক ও তাঁর সহযোগী। একপর্যায়ে ওই যুবক মেয়েটিকে ধর্ষণ করেন এবং মুঠোফোনে এর ভিডিওচিত্র ধারণ করেন তাঁর সহযোগী। চলে আসার সময় বিষয়টি প্রকাশ করলে ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার হুমকি দেন তাঁরা। কিছুদিন পর ওই যুবক তাঁর আরেক সহযোগী কম্পিউটারের দোকানির সহযোগিতায় ভিডিওটি ইন্টারনেটে ছেড়ে দেন। বিষয়টি জানাজানি হলে গ্রামে একাধিকবার সালিস বসে। তবে মাতবরেরা উল্টো মেয়েটিকে ‘দুশ্চরিত্রা’ আখ্যা দেন। তাঁরা মামলা না করতে পরিবারটিকে ভয়ভীতি দেখান।
তবে গত রোববার বিকেলে মেয়েটির মা যশোর কোতোয়ালি থানায় গিয়ে ১৬ জনকে আসামি করে মামলা করেন। মামলার এজাহারে বলা হয়, নরেন্দ্রপুর ইউপির স্থানীয় ওয়ার্ডের সদস্য শওকত হোসেন ও যুবলীগের কর্মী আবদুল হালিম সালিসের নামে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বলেন, ধর্ষণের মতো অভিযোগ সালিসযোগ্য নয়। মামলার আসামি ইউপি সদস্য শওকত ও যুবলীগ কর্মী হালিমসহ অন্যরা পলাতক রয়েছেন। গ্রেপ্তার তিনজনকে গতকাল সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।