ইউপি সদস্যসহ দুজনকে ডিবি পরিচয়ে অপহরণ
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যসহ দুই ব্যক্তিকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে অপহরণের অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি অস্বীকার করেছে।
তুলে নিয়ে যাওয়া আবদুল মজিদ (৪৭) ঝাউদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ঝাউদিয়া ইউনিয়নের মাজপাড়া গ্রামের ইউপি সদস্য। আরেকজন হলেন ওই গ্রামের মেহেদী হাসান (২৫)।
গত ২৪ সেপ্টেম্বর মাজপাড়া গ্রামে আওয়ামী লীগের স্থানীয় দুপক্ষের সংঘর্ষে ইমান আলী ও শাহাবুদ্দিন নামে দুজন নিহত হন। ৯ অক্টোবর আকাম উদ্দীন নামে আরও একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় দায়ের করা হত্যা মামলায় আবদুল মজিদ ও মেহেদী হাসান যথাক্রমে ২ ও ৩ নম্বর আসামি।
মেহেদী হাসানের বড় বোন শারমীন আক্তার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘মামলা করার পর মজিদের সঙ্গে ঢাকায় পালিয়ে যায় মেহেদী। সোমবার বেলা আড়াইটার দিকে মেহেদীর সঙ্গে সর্বশেষ ফোনে কথা হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জানতে পারি, গাজীপুরের কোনাবাড়ী এলাকা থেকে ডিবি পুলিশ পরিচয়ে তাদের দুজনকে ধরা হয়েছে। তাদের সঙ্গে আরও এক ব্যক্তি ছিল। সে কৌশলে পালিয়ে যায় এবং খবর দেয়।’ তিনি জানান, সোমবার রাত সাড়ে নয়টার দিকে মেহেদীর মুঠোফোনে ফোন করলেও ধরেননি। রাত পৌনে দশটার পর থেকে মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছে। কুষ্টিয়ার পুলিশ তাঁদের নিয়ে এসেছে এবং জেলার একটি পুলিশ ক্যাম্পে রাখা হয়েছে বলে তিনি দাবি করেন।
আবদুল মজিদের পরিবার থেকেও একই রকম অভিযোগ করা হয়েছে। মজিদের স্ত্রী শহিদা খাতুন বলেন, ‘শুনেছি ঢাকা থেকে ধরিছে। সকালে পুলিশ ও র্যা ব ক্যাম্পে যাওয়া হইছিল। তারা কেউই স্বীকার করেনি। র্যা ব বলল ধরার বিষয়টি নাকি মিথ্যা কথা। পুলিশও তেমন গুরুত্ব দেয়নি।’
গতকাল দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি ছাব্বিরুল আলম ও কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিমের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাঁরা ধরেননি।