ইউপি সদস্যসহ ২ খুন, দুটি লাশ উদ্ধার
পটুয়াখালীর সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নাসির হাওলাদারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ভোলার পূর্বইলিশা ইউনিয়নে জমি নিয়ে বিরোধে বাবুল পালোয়ান নামের এক তরুণ খুন হয়েছেন।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় এক গৃহবধূর মৃত্যু নিয়ে রহস্য সৃষ্টি হয়েছে। গোপালগঞ্জে নিখোঁজের প্রায় দেড় মাস পর এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের থেকে পাঠানো খবর:
পটুয়াখালী: প্রত্যক্ষদর্শী রেজাউল চৌকিদার জানান, শুক্রবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে নাসির হাওলাদারের সঙ্গে তিনি রিকশাযোগে এলাকার বশাক বাজার থেকে ফতুল্লা বাজারের দিকে যাচ্ছিলেন। প্রায় এক কিলোমিটার পার হওয়ার পর বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল থেকে কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত নাসিরের বুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে নাসির গুরুতর আহত হলে স্থানীয়দের সহায়তায় তাঁকে পটুয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জিয়াউল হক জানান, এ ঘটনায় নিহত নাসিরের মেয়ে লিপি আক্তার গতকাল শনিবার মামলা করেছেন। নাসির ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি ছিলেন।
ভোলা: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি গ্রামের বাসিন্দা বাবুল পালোয়ানের সঙ্গে বড় ভাই সিরাজুল ইসলাম পালোয়ানের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে গতকাল সকালে দুই পরিবারের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে সিরাজুল ও তাঁর ছেলে হাসান পালোয়ান লাঠিসোঁটা নিয়ে বাবুলের ওপর হামলা চালান। দৌড়ে পালাতে গেলে তহলিশদার বাড়ির সামনের সড়কের ওপর তাঁরা প্রকাশ্যে বাবুলকে মারধর করেন। পরে হাসান তাঁকে গলা টিপে ধরে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নিহত ব্যক্তির স্বজনদের দাবি, হাসান সম্প্রতি ধর্ষণ মামলায় জেল খেটে জামিনে রয়েছেন। আগেও বাগ্বিতণ্ডার জের ধরে তিনি তাঁর চাচির শ্লীলতাহানির চেষ্টা করেছেন। ভোলা সদর মডেল থানার ওসি মোবাশ্বের আলী জানান, নিহত ব্যক্তির স্ত্রী সুমা আক্তার বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।
চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলার গড়গড়ি গ্রামের শ্বশুরবাড়ি থেকে খোদেজান খাতুন (১৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সকালে ঘরের বৈদ্যুতিক পাখার সঙ্গে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। খোদেজানের পরিবারের লোকজন জানান, ছয় মাস আগে একই গ্রামের জিন্নাত আলীর সঙ্গে মেয়ের বিয়ে হয়। বিয়েতে যৌতুক হিসেবে নগদ টাকা ও আসবাবপত্র দেওয়া হলেও তারা আরও দেড় লাখ টাকা দাবি করে। শুক্রবার রাতে এ নিয়ে মেয়ের সঙ্গে জিন্নাত ও বাড়ির লোকজনের ঝগড়া হয়। সারা রাত ধরে তারা খোদেজানের ওপর নির্যাতন চালায়। প্রতিবেশীরা সকালে তাঁদের খোদেজানের মৃত্যুর খবর দেন। শ্বাসরোধ করে হত্যার পর বৈদ্যুতিক পাখার সঙ্গে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে তাঁরা অভিযোগ করেন।
ফরিদপুর: প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদরের নিজরা ইউনিয়নের নিজরা গ্রামের জেলেরা গত শুক্রবার দুপুরে গ্রামের পাশের একটি খালে মাছ ধরতে গেলে জালের সঙ্গে আনোয়ারা বেগমের (৮৫) লাশ উঠে আসে। পরে তাঁর হাতের চুরি দেখে স্বজনেরা তাঁকে শনাক্ত করেন। স্থানীয়রা জানান, স্বামীর মৃত্যুর পর নিঃসন্তান আনোয়ারা ওই গ্রামে ননদের ছেলে আকরাম আলী খন্দকারের পরিবারে থাকতেন। আকরাম আলী জানান, প্রায় দেড় মাস আগে আনোয়ারা নিখোঁজ হন। বৈলতলী পুলিশ তদন্ত ফাঁড়ির এসআই আবু নাঈম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।