ইউপি সদস্যের দাদন ব্যবসা
রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশ ইউনিয়ন পরিষদের এক সদস্যের বিরুদ্ধে দাদন ব্যবসা ও দাদনের জালে জড়িয়ে পড়া দুস্থ লোকজনের কাছ থেকে টাকা আদায়ে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ইউপি সদস্যের ভয়ে চার ব্যক্তি এলাকাছাড়া। এ ছাড়া চড়া সুদ দিয়ে নিঃস্ব হয়েছেন আরও অন্তত ৩৪ জন। ভুক্তভোগীরা থানায় মামলা ও সাধারণ ডায়েরি করেও প্রতিকার পাননি।
গতকাল সোমবার সকালে ভুক্তভোগী ১০ ব্যক্তি বাগমারা প্রেসক্লাবে এসে সংবাদ সম্মেলন করে উপজেলার নরদাশ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও আওয়ামী লীগের স্থানীয় কর্মী খয়বর আলীর বিরুদ্ধে দাদন ব্যবসার অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, তিনি আর্থিক সংকটে পড়া এলাকার লোকজনকে দাদনে টাকা দিয়ে মোটা অঙ্কের সুদ আদায় করেন। টাকা দেওয়ার আগে লোকজনের কাছ থেকে ফাঁকা নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ও ব্যাংকের চেকে স্বাক্ষর নিয়ে রাখেন। সুদসহ আসল টাকা ফেরত দেওয়ার পরও তিনি চেক ও স্ট্যাম্প আটকিয়ে অতিরিক্ত টাকা দাবি করেন। ওই বাড়তি টাকা না দিলে তিনি লোকজন নিয়ে ঋণ নেওয়া ওই সব মানুষকে ভয়ভীতি দেখানোসহ তাঁদের ওপর নির্যাতন চালান।
চণ্ডীপুর গ্রামের স্বাধীন চন্দ্র প্রামাণিক নামের এক ব্যবসায়ী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, দেড় বছর আগে তিনি ওই ইউপি সদস্যের কাছ থেকে দাদন হিসেবে ৪০ হাজার টাকা নিয়েছিলেন। পরে তিনি সুদসহ ১ লাখ ৭০ হাজার টাকা পরিশোধ করেন। কিন্তু তারপরও তাঁর কাছ থেকে টাকা দাবি করেন ইউপি সদস্য খয়বর আলী। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ব্যবহৃত একটি মোটরসাইকেল কেড়ে নেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি রাজশাহী আদালতে মামলা করেন। এখন তাঁকে এলাকায় ফিরলে মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন। ভয়ে তিনি দুই মাস ধরে এলাকায় ফিরতে পারছেন না। বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন।
রমজানপাড়া মহিলা ভোকেশনাল স্কুলের প্রধান শিক্ষক আহম্মদ আলী সংবাদ সম্মেলনে বলেন, খয়বর আলীর কাছ থেকে দাদনের দুই লাখ টাকা নিয়ে পরে সুদসহ পরিশোধ করেছেন। তারপর আরও তিন লাখ টাকা দাবি করেন। ১৮ জানুয়ারি তিনি বাড়ি থেকে বের হলে খয়বর, খয়বরের ছেলে জাহিদুল ইসলাম (৩২) দলবল নিয়ে তাঁকে অপহরণের চেষ্টা চালান। পরে তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে খয়বরের দলবল চলে যায়। এ নিয়ে ওই দিনই তিনি থানায় মামলা করেছেন।
সংবাদ সম্মেলনে পাঠ করা বোয়ালিয়া গ্রামের আমজাদ হোসেন, রমজানপাড়ার হাবিবুর রহমান, আতাব আলী, শাহাদত আলী, এনামুল হক, সাইধারার জাফর আলী, নরদাশের নাছির উদ্দিন, মাদিলার আবদুল মান্নান, রফিকুল ইসলামসহ ২৮ জন ভুক্তভোগী স্বাক্ষরিত লিখিত অভিযোগ থেকে জানা যায়, তাঁরা ইউপি সদস্য খয়বর আলীর কাছ থেকে দাদনে টাকা নিয়ে অতিরিক্ত সুদ দিয়েও নির্যাতনের শিকার হয়েছেন। সুদ পরিশোধ করতে গিয়ে এলাকার কমপক্ষে ৩৪ ব্যক্তি নিঃস্ব হয়েছেন।
খয়বর আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি নিজেকে আওয়ামী লীগের কর্মী ও একজন ফিড ব্যবসায়ী বলে দাবি করেন। পরে বলেন, তিনিও দাদন ও ব্যাংকঋণ নিয়ে লোকজনকে টাকা দিয়েছেন। যেহেতু তাঁকে নিজে সুদ দিতে হয়, তাই তিনিও সুদসহ টাকা দাবি করেন।
নরদাশ ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি আবদুর রশিদ বলেন, ‘খয়বর আলী কখন কোন দল করে তা জানি না, তবে এখন আওয়ামী লীগ করে।’ দাদন ব্যবসা সম্পর্কে বলেন, ‘শুনেছি। তবে তার ছেলে ব্যবসা করে জানি।’
ওসি মতিয়ার রহমান জানান, অভিযোগ পেয়েছেন। আর মামলাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।