ইউপি সদস্যের পরিবারের সদস্য ও স্বজন ১০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় মৎস্যজীবীদের নিবন্ধনের তালিকায় অমৎস্যজীবীদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তালিকায় এক ইউপি সদস্যের পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে ১০ জনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে তৈরি করা ওই তালিকা বাতিল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন করেছেন এক মুক্তিযোদ্ধা।
তবে মৎস্য অধিদপ্তরের পরিপত্রে প্রকৃত জেলে কারা—এর সংজ্ঞায় বলা হয়েছে, ‘যাঁরা প্রাকৃতিক জলাশয় হতে মাছ ধরেন ও প্রধানত মাছ ধরেই জীবিকা নির্বাহ করে থাকেন, তাঁরাই জেলে।’
তালা উপজেলা মৎস্য কর্মকর্তা হাদিউজ্জামান ও এলাকার কয়েকজন বাসিন্দা বলেন, উপজেলার খেসরা ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের মৎস্যজীবীদের নিবন্ধন ও পরিচয়পত্রের জন্য গত জুলাই মাসে ওই ওয়ার্ডের ইউপি সদস্য সামছুল হক ২৭ জনের একটি তালিকা উপজেলা মৎস্য কার্যালয়ে জমা দেন। তালিকা অনুযায়ী মৎস্যজীবীদের নিবন্ধন ও পরিচয়পত্র তৈরি করা হয়। কিন্তু গত ২৩ আগস্ট মুক্তিযোদ্ধা আবদুল গফুর তালিকা তৈরিতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ইউএনওর কাছে একটি আবেদন করেন।
আবদুল গফুরের আবেদনে বলা হয়, ওই তালিকায় ইউপি সদস্য সামছুলসহ তাঁর দুই ভাই অবস্থাপন্ন কৃষক মুকুল হোসেন ও জাকির হোসেনের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু তা-ই নয়, তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাঁর চাচাতো ভাই আসলাম মোড়ল, মফিজুল ইসলাম মোড়ল ও হাফিজুল ইসলাম মোড়ল, মামা মোমতাজ মোড়ল, মোসলেম আলী মোড়ল, মোস্তাক আলী মোড়ল ও মামাতো ভাই মোনায়েম কবিরের নাম। এ ছাড়া অন্য যাঁদের নাম তালিকাভুক্ত করা হয়েছে, দুজন ছাড়া সবাই কৃষক ও ব্যবসায়ী।
আবদুল গফুরের ওই আবেদন পাওয়ার পর ওই দিনই ইউএনও মাহবুবুর রহমান উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা এ এস এম শহীদুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা আসমত আলী ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ঝংকার ঢালীকে নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। ওই কমিটিকে ইউএনও দ্রুত বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন।
ইউপি সদস্য সামছুল বলেন, তাঁদের কপোতাক্ষ নামের মৎস্যজীবী সমবায় সমিতি রয়েছে। যাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে, তাঁদের মূল পেশা মৎস্য আহরণ না হলেও তাঁরা মৎস্যজীবী হিসেবে পরিচিত। অনেকে জাল দিয়ে মাছ ধরেন বা মাছ ব্যবসায়ের সঙ্গে জড়িত। তালিকায় অন্তর্ভুক্ত মুকুল হোসেনসহ অনেকেই একই ধরনের কথা বলেন।
তালা উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা শহীদুল্লাহ বলেন, এ বিষয় নিয়ে গত সোমবার শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এলাকার লোকজনকে ডাকা হয়। সেখানে তদন্ত করার একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বিরোধ বাধে। বাধ্য হয়ে তদন্ত বন্ধ রাখতে হয়। তালিকাভুক্ত ব্যক্তিরা কাগজে-কলমে মৎস্যজীবী হলেও অধিকাংশই সংজ্ঞা অনুযায়ী মৎস্যজীবী নন। আবার তদন্ত করে প্রতিবেদন দেওয়া হবে। ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, অভিযোগ পাওয়ার পর জরুরি ভিত্তিতে বিষয়টি তদন্ত করে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার বলেন, ওই তালিকায় কিছু ত্রুটি আছে। এলাকার সবাইকে নিয়ে বসে তা ঠিক করা হবে।