ইউপি সদস্যের পা কেটে নিল দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের দত্ত কেন্দুয়া এলাকায় আমিনুর রহমান ওরফে দুলাল মাতুব্বর নামের এক ইউনিয়ন পরিষদ সদস্যের পা কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে।
আমিনুর রহমান (৪০) কেন্দুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য। আমিনুরের স্বজনদের বরাত দিয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ প্রথম আলোকে জানান, ওই এলাকার জয়নাল মাতুব্বরের সঙ্গে আমিনুর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
বৃহস্পতিবার রাতে এশার নামাজের পর বাড়ি ফেরার পথে আমিনুর হামলার শিকার হন। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁর ডান পা হাঁটুর নিচ থেকে কেটে নিয়ে যায়। আঘাতে তাঁর বাঁ পা-ও মারাত্মক জখম হয়। ঘটনার পর আমিনুরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আরও বলেন, জয়নালের লোকেরা এ ঘটনা ঘটিয়েছে বলে আমিনুরের স্বজনেরা অভিযোগ করেছেন। ঘটনার পর থেকে জয়নাল ও তাঁর ভাইয়েরা পলাতক। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী রেজিস্ট্রার আবু সালেহ আহমেদ জানান, আমিনুরের ডান পা হাঁটুর নিচ থেকে কেটে নেওয়া হয়েছে। বাঁ পায়ে গোড়ালির কাছে বেশ কয়েকটি গুরুতর জখম রয়েছে। বাঁ পা-টিও কেটে ফেলতে হতে পারে।
বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে তাঁকে রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
কেন্দুয়া ইউপির চেয়ারম্যান শাহ মোহাম্মদ রায়হান কবির বলেন, স্থানীয় সন্ত্রাসী জয়নাল মাতুব্বরের বিভিন্ন অন্যায় কাজের প্রতিবাদ করতেন আমিনুর রহমান। এ কারণে ক্ষুব্ধ হয়ে আমিনুরকে পঙ্গু করে দেওয়ার উদ্দেশ্যে জয়নাল তার বাহিনী নিয়ে এ হামলা চালায়। পঙ্গু হাসপাতালে গতকাল শুক্রবার আমিনুরের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে।