ইউপি সদস্যের বরাদ্দ, চেয়ারম্যানের কবজায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) আলোচিত চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা আবদুস সালাম পরিষদের এক সদস্যের নামে আসা টিআর প্রকল্পের বরাদ্দ দেন না বলে অভিযোগ উঠেছে।
ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও ওই প্রকল্পের চেয়ারম্যান সায়রা বেগম ৪ ডিসেম্বর জেলা প্রশাসক ও বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে লিখিত অভিযোগ দেন।
সায়রা বেগম বলেন, ‘ইউনিয়নের মুনস্টার ক্লাব থেকে মাস্টারবাড়ী পর্যন্ত রাস্তা মেরামতের জন্য টিআর প্রকল্পের আওতায় চার মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। ওই প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প চেয়ারম্যান হিসেবে আমি কমিটি গঠন করে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ে জমা দিই। কিন্তু প্রকল্পের চাল আমি উত্তোলন করিনি এবং উত্তোলনের জন্য স্বাক্ষর/টিপসই প্রদান করি নাই। কিন্তু পিআইওর কার্যালয় থেকে জানতে পারি, কে বা কারা আমার স্বাক্ষর ও টিপসই নকল করে প্রকল্পের বরাদ্দকৃত চাল তুলে নিয়ে গেছে। অথচ পিআইওর কার্যালয় থেকে মাস্টাররোল জমা দেওয়ার জন্য তাগিদ দেওয়া হয়েছে।’
সায়রা বেগম আরও বলেন, ‘যেখানে আমি প্রকল্পের বরাদ্দ উত্তোলন করি নাই, সেখানে আমি কীভাবে মাস্টাররোল জমা দেব।’ এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
সায়রা বেগম জানান, অভিযোগ দেওয়ার পর ২৪ ডিসেম্বর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউপি কার্যালয়ে এসেছিলেন। তবে ওই দিন সালাম চেয়ারম্যান ও তাঁর পক্ষের লোকজন জোর করে তাঁর স্বাক্ষর নেওয়ার চেষ্টা করেছিলেন। ওই প্রকল্পের অর্থ আত্মসাৎ ছাড়াও তিন মাস ধরে তাঁকে কোনো কাজ দিচ্ছেন না। তাঁকে পরিষদে যেতে দিচ্ছেন না এবং হুমকি দিচ্ছেন।
আবদুস সালাম বলেন, ‘বরাদ্দ দেওয়ার দায়িত্ব আমার। ওরা কাজ শেষ করে আমাকে বুঝিয়ে দেবে। প্রকল্প দেখার দায়িত্ব পিআই সেকশনের। কারও স্বাক্ষর জালিয়াতি হয়েছে কি না, তা দেখবে পিআই সেকশন।’ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে বলেন, ‘প্রকল্পের বরাদ্দ নেওয়ার পরও কাজ শেষ না করায় চাপ প্রয়োগ করেছি বলে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে।’
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘আবদুস সালাম দলীয় ক্ষমতার প্রভাবে বেশ কিছু মেম্বারের কাজ অন্যদের দিয়ে করাচ্ছে বলে অভিযোগ পেয়েছি।’ ইউএনও মিনারা নাজমীন বলেন, অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।
গত বছরের ২৬ জুন নারায়ণগঞ্জ-৫ আসনের উপনির্বাচনে মদনপুর ইউনিয়নের একটি কেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার সময় তাতে বাধা দেওয়ায় কেন্দ্রের দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) বশির উদ্দিন আহম্মেদকে গলা কেটে শীতলক্ষ্যা নদীতে ভাসিয়ে দেয়ার হুমকি দিয়েছিলেন আবদুস সালাম।