ইউপি সদস্যের বাড়ি থেকে মাদক জব্দ, দুজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় অভিযান চালিয়ে গতকাল সোমবার আওয়ামী লীগের নেতা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আইয়ুব আলী খানের বাড়ি থেকে বিয়ার ও মদ জব্দ করেছে পুলিশ।
এ সময় নিহাজ মোল্যা (৩৯) ও রুবেল মোল্যা (৩০) নামের দুজনকে গ্রেপ্তার করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা একটার দিকে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলামের নেতৃত্বে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল ও রাজবাড়ীর ডিবি পুলিশ দৌলতদিয়া যৌনপল্লির আইয়ুব আলীর বাড়িতে অভিযান চালান।
তাঁর বাড়ির কয়েকটি কক্ষ ও পানির ট্যাংক থেকে ১ হাজার ৬৯০ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশি মদ, ৮৫ লিটার দেশি মদ এবং মাদক বিক্রির ৭০ হাজার ১০০ টাকা জব্দ করে পুলিশ।
এ সময় পুলিশ আইয়ুবের ব্যবস্থাপক নিহাজ মোল্যা ও তাঁর সহকারী রুবেলকে গ্রেপ্তার করে। অভিযানের আগেই আইয়ুব পালিয়ে যান। এর কিছুক্ষণ পর যৌনপল্লির আজিজ নামের আরেক ব্যক্তির বাড়ি থেকে প্রায় ১২০ লিটার মদ জব্দ করা হয়।
আইয়ুব নিজেকে দৌলতদিয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি দাবি করে মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, নিহাজ মোল্যা তাঁর বাড়ির ১৪টি কক্ষ মাসিক ৩০ হাজার টাকায় ভাড়া নিয়েছেন। এর সঙ্গে তিনি জড়িত নন। কয়েক দিন ধরে তিনি চিকিৎসার জন্য ঢাকায় রয়েছেন।
দৌলতদিয়ার ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল বলেন, কোনো ইউপি সদস্যের বিরুদ্ধে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি শাহজালাল বলেন, এক ঘটনায় আইয়ুবসহ তিনজন ও অপর মামলায় আজিজকে আসামি করে পৃথক
দুটি মাদক মামলা করেছে ডিবি পুলিশ।