ইউপি সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চগড় জেলার ইউনিয়ন পরিষদের এক সদস্য স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা চাঁদা তুলেছেন বলে অভিযোগ উঠেছে। নতুন ট্রান্সফরমার স্থাপনের কথা বলে তিনি তাঁর সমর্থকদের দিয়ে এ টাকা তোলেন।

এ ব্যাপারে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য শহিদুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় বাসিন্দারা গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। শহিদুল ইসলামের সমর্থকেরা ধাক্কামারা ও মাগুড়া ইউনিয়নের কয়েকটি গ্রাম এবং মালাদাম বাজারের দোকান থেকে চাঁদার টাকা তুলেছেন।

লিখিত অভিযোগ থেকে জানা গেছে, সাম্প্রতিক বন্যায় জেলার অনেক এলাকা প্লাবিত হয়। ভারী বর্ষণের ফলে এসব এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। কয়েকটি এলাকায় বজ্রপাতে ট্রান্সফরমার পুড়ে যায়। ১৫ আগস্ট রাতে মালাদাম হরি মন্দিরের কাছের ট্রান্সফরমারটি পুড়ে যায়। এটি পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের। ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় মালাদাম, তেলিপাড়া, নলেহা পাড়া, মাগুড়া গ্রামের প্রায় দেড় হাজার পরিবার এবং মালাদাম বাজারের দুই শতাধিক দোকানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

এসব পরিবারের লোকজন এবং বাজারের দোকানদারেরা স্থানীয় ইউপি সদস্য শহিদুলের কাছে বিদ্যুৎসংযোগ চালু করার জন্য বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করার অনুরোধ জানান। পরদিন ওই ইউপি সদস্যের সমর্থক মালাদাম গ্রামের পিয়ার উদ্দিন (২৬), আবদুস সাত্তার (২৭), তিলক বর্মণ (২৪), দীনেশ চন্দ্র বর্মণ (৩৫) বাড়ি বাড়ি গিয়ে চাঁদা তোলা শুরু করেন। তাঁরা প্রতিটি বাড়ি থেকে মিটারপ্রতি ১৫০ টাকা এবং দোকান থেকে ২০০ টাকা হারে চাঁদা আদায় করেন। এ সময় তাঁরা বলেন, নতুন ট্রান্সফরমার স্থাপনের জন্য বিদ্যুৎ কার্যালয়ে টাকা দিতে হবে। তাই শহিদুল ভাই টাকা দিতে বলেছেন।

এর দুই দিন পর স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করেন। তখন পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ তাঁদের জানায়, ট্রান্সফরমার স্থাপন করতে কোনো টাকা লাগে না। শুধু আনা-নেওয়ার ভাড়া বাবদ কিছু টাকা দিতে হয়।

বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী ব্যক্তিরা ইউপি সদস্যের কাছে টাকা ফেরত চান। তখন ইউপি সদস্য তাঁদের বলেন, টাকা ফেরত নিলে তিনি তাঁদের বিদ্যুতের মিটার বন্ধ করে দেবেন।

ইউপি সদস্য শহিদুল ইসলাম বলেন, ‘টাকা নিয়েছি। ফেরত দেব।’

পঞ্চগড় বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী জাহিদুল হক বলেন, ট্রান্সফরমার বাবদ কোনো টাকা নেওয়া হয় না। ওই এলাকার কারও কাছে ট্রান্সফরমারের জন্য টাকা চাওয়া হয়নি। ১৯ আগস্ট নতুন ট্রান্সফরমার বসিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নামে কেউ চাঁদা তুললে এর দায়ভার তাঁকেই নিতে হবে।

জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল বলেন, এ ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত কমিটি করা হবে।