ইউপি সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানকে লাঞ্ছিতের অভিযোগ
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতিকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। খাদ্যবান্ধব কর্মসূচির চালের কার্ড নিয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, হাজিরপাড়া ইউপির ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক খলিলুর রহমান গত সোমবার বিকেলে ইউপি কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ারা বেগমকে জুতা দিয়ে পেটান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ নুরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
ভারপ্রাপ্ত চেয়ারম্যান মনোয়ারা বেগম বলেন, হতদরিদ্রের জন্য সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকা কেজি দরে চাল বিতরণের জন্য ইউনিয়নে ৪৩০টি কার্ড বরাদ্দ দেওয়া হয়। সে হিসাবে প্রত্যেক ইউপি সদস্যকে ৩০টি কার্ড দেওয়া হয়। কিন্তু ইউপি সদস্য খলিলুর রহমান অতিরিক্ত কার্ড দাবি করেন এবং আগের দেওয়া কার্ডের তালিকা সংশোধন করে নতুন তালিকা দিতে চান। নতুন তালিকা করা সম্ভব নয় জানানো হলে খলিলুর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালাগাল করেন। একপর্যায়ে জুতা দিয়ে তাঁকে পেটাতে থাকেন। উপস্থিত লোকজনের হস্তক্ষেপে তিনি উদ্ধার পান। এ ঘটনায় ইউএনওর কাছে অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে বক্তব্য জানার চেষ্টা করেও ইউপি সদস্য খলিলুর রহমানকে পাওয়া যায়নি।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আজিজুর রহমান বলেন, এ ব্যাপারে কেউ থানায় অভিযোগ করেননি। করলে ব্যবস্থা নেওয়া হবে।