ইউপি সদস্যের বিরুদ্ধে চেয়ারম্যানের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালার ১ নম্বর মেরুং ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের সচিবের কক্ষ ভাঙচুরের ঘটনায় ইউপি সদস্য শাহ আলম ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার রাতে উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি এলাকার বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।
দীঘিনালা থানার ওসি মিজানুর রহমান বলেন, মেরুং ইউপি কার্যালয় ভাঙচুরের ঘটনায় ইউপি চেয়ারম্যান রহমান কবীর বাদী হয়ে বুধবার দুপুরে শাহ আলমের বিরুদ্ধে মামলা করেন। এ মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে দীঘিনালা থানাহাজতে শাহ আলম ভূঁইয়া প্রথম আলোর কাছে দাবি করেন তিনি ভাঙচুরের ঘটনায় জড়িত নন।
মেরুং ইউপির চেয়ারম্যান রহমান কবীর অভিযোগ করেন, ভিজিডি কার্ড বরাদ্দ নিয়ে বুধবার সকালে তাঁর সঙ্গে শাহ আলমের তর্ক হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তিনি দুপুরে সচিবের কক্ষ ভাঙচুর এবং গুরুত্বপূর্ণ নথি তছনছ করেন। বাধ্য হয়ে রাতে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করেন তিনি।