ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ
গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল সোমবার কালিয়াকৈর থানায় মামলা হয়েছে।
এলাকাবাসী ও ওই নারীর (২৩) পরিবার সূত্রে জানা গেছে, ওই নারীর বাড়ি কালিয়াকৈর উপজেলার বোয়ালী ইউনিয়নে। তিনি একটি পোশাক কারখানায় কাজ করতেন। রোজার ঈদে ওই কারখানার কাজ ছেড়ে দেন তিনি। পরে মাসুদ নামের একজন তাঁকে স্থানীয় একটি বিউটি পারলারে কাজ দেন। কিন্তু পারলারের মালিক ওই নারীকে বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ কারণে তিনি কাজ ছেড়ে বাড়ি চলে যান। পরে পারলারের মালিক ওই নারীর বিরুদ্ধে ২০ হাজার টাকা ও স্বর্ণের গয়না চুরির অভিযোগ তোলেন। পরে মাসুদ ও পারলারের মালিক বিষয়টি বোয়ালী ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আলাল উদ্দিনকে জানান। ওই ইউপি সদস্য ওই নারীকে জানান, বিচারের জন্য তাঁকে মৌচাকের পারলারে যেতে হবে। এরপর শনিবার ঈদের দিন মোটরসাইকেলে করে ওই নারীকে নিয়ে তিনি মৌচাকের উদ্দেশে রওনা হন। কিন্তু মৌচাকে না গিয়ে তাঁকে উপজেলার একটি পার্কে নিয়ে যান তিনি। পার্কের একটি কক্ষে নিয়ে তাঁকে ধর্ষণের চেষ্টা করেন। একপর্যায়ে ওই নারী কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন। এরপর ওই নারী বিষয়টি তাঁর মা-বাবাকে জানান। এরপর তাঁরা স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। চেয়ারম্যান স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। পরে থানায় যাওয়ার চেষ্টা করলে ওই নারীসহ তাঁর বাড়ির সবাইকে অবরুদ্ধ করে রাখে আলালের লোকজন। পরে পুলিশের সহযোগিতায় রোববার রাতে কালিয়াকৈর থানায় গিয়ে ওই নারী অভিযোগ দেন।
আলাল উদ্দিন বলেন, ধর্ষণের চেষ্টার অভিযোগটি মিথ্যা। এটা ষড়যন্ত্র।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে।