ইউপি সদস্যের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে বগুড়ার ধুনট উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বিরুদ্ধে। ওই গৃহবধূর স্বামী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে ওই ইউপি সদস্য ঘরের দরজা কেটে ওই গৃহবধূর ঘরে প্রবেশ করেন। পরে ওই ইউপি সদস্য ভয়ভীতি দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। এ সময় তাঁর স্বামী বাইরে ছিলেন। একপর্যায়ে ওই গৃহবধূর চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসেন। এর আগেই ইউপি সদস্য পালিয়ে যান। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী বাদী আজ রোববার সকালে ওই ইউপি সদস্যর বিরুদ্ধে থানায় লিখিত দিয়েছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে ওই ইউপি সদস্য বলেন, ঘটনাটি মিথ্যা এবং সাজানো। তাঁর সম্মান নষ্ট করতেই প্রতিপক্ষরা এ অভিযোগ করেছে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এ অভিযোগের তদন্ত চলছে। সত্যতা পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।