ইউপি সদস্যের বিরুদ্ধে নদী থেকে অবৈধভাবে বালু তোলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি আইন অনুযায়ী সড়ক ও আবাসিক এলাকার কাছ থেকে বালু তোলা নিষেধ। কিন্তু রংপুরের তারাগঞ্জ উপজেলার চিকলী নদীর পাটোয়ারীপাড়া এলাকায় শ্যালো মেশিন বসিয়ে নদী থেকে ঠিকই বালু তোলা হচ্ছে। আর খোদ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যই অবৈধ এ কাজ করছেন বলে এলাকাবাসীর অভিযোগ।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার দূরে পাটোয়ারীপাড়া গ্রাম। গ্রামটির পাশ দিয়ে বয়ে গেছে চিকলী নদী। নদীর ওপর দিয়ে গেছে তারাগঞ্জ-বদরগঞ্জ সড়ক। সড়কের পাশে চিকলী নদীতে শ্যালোযন্ত্র বসিয়ে মাস খানেক ধরে বালু তুলছেন পাটোয়ারীপাড়া গ্রামের বাসিন্দা সংশ্লিষ্ট সয়ার ইউনিয়নের ইউপি সদস্য সাইদুল ইসলাম। তিনি বালু তুলে বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করছেন। বালু তোলার জন্য স্থানীয় প্রশাসনের কোনো অনুমতিও নেননি তিনি।
কার অনুমতি নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে—এমন প্রশ্নের জবাবে ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, ‘নদী থেকে বালু উত্তোলন করতে অনুমতি লাগবে কেন? আর আমি যে নদী থেকে বালু তুলছি তা আপনাক কে বলছে, কী প্রমাণ আছে? আমার নামে অন্য লোক ওখান থেকা বালু তুললে আমি কী করব?’
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ধারা অনুযায়ী, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারাজ, সড়ক, মহাসড়ক, বাঁধ, বন, রেললাইন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকার অন্তত এক কিলোমিটারের মধ্যে বালু তোলা যাবে না।
সরেজমিনে গতকাল বুধবার বিকেলে পাটোয়ারীপাড়া গ্রামের চিকলী নদীসংলগ্ন এলাকায় গিয়ে নদী থেকে বালু তোলার দৃশ্য চোখে পড়ে। যেখান থেকে বালু তোলা হচ্ছে এর আনুমানিক ছয় গজ পূর্ব দিক দিয়ে চলে গেছে তারাগঞ্জ-বদরগঞ্জ সড়ক। আর পূর্বে আনুমানিক ৫০ গজ দূরে পাটোয়ারীপাড়া গ্রাম ও পশ্চিমে দেড় শ গজ দূরে কাজীপাড়া গ্রাম। নদীতে শ্যালো মেশিন বসিয়ে পাইপ দিয়ে বালু তুলে নদীর তীরে পাটোয়ারীপাড়ার বাঁশঝাড়ে স্তূপ করে রাখা হচ্ছে।
কাজীপাড়া গ্রামের মইনুল হক বলেন, এক মাস ধরে নদী থেকে বালু তোলা হচ্ছে। এতে নদীর গতিপথ পরিবর্তন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তিনি আরও বলেন, ‘এতে আমরা উদ্বিগ্ন। কারণ যেকোনো মুহূর্তে নদী আমাদের বাড়ি-ঘর গ্রাস করতে পারে। একই কারণে নদীর ওপর দিয়ে যাওয়া তারাগঞ্জ-বদরগঞ্জ সড়কটিও বিধ্বস্ত হতে পারে।’
পাটোয়ারীপাড়া গ্রামের এনামুল হক বলেন, দিনে-রাতে ১২ থেকে ১৩ ঘণ্টা বালু তোলা হচ্ছে। নিষেধ করলেও কেউ মানছেন না। এভাবে বালু তোলা চলতে থাকলে ভাঙন দেখা দেবে। এতে পাটোয়ারীপাড়া, কাজীপাড়া গ্রাম বিলীন হবে।
উপজেলা ভূমি কার্যালয়ের জরিপকারী (সার্ভেয়ার) দেলওয়ার হোসেন বলেন, ‘ওই স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের কথা আমি শুনেছি। এ নিয়ে ইউএনও স্যারের সঙ্গে কথাও বলেছি। তিনি আমাকে আইনি ব্যবস্থা নিতে বলেছেন। আগামীকাল (আজ) বৃহস্পতিবার সরেজমিন যাব। অভিযোগের সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’