ইউপি সদস্যের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুস সালামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নানা অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার দুপুরে উপজেলার জনতা বাজারে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ তোলেন তিনি।

লিখিত অভিযোগে আব্দুস সালাম বলেন, সাবেক ইউপি সদস্য ওহাব আলী গত ইউপি নির্বাচনে পরাজিত হন। এর জেরে তাঁর (আব্দুস সালাম) বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছেন। এতে তাঁর সম্মান ক্ষুণ্ন হচ্ছে। তিনি বলেন, দৌলতখান উপজেলার মেঘনা নদীতে নৌ-ডাকাতির ঘটনায় তাঁকে মিথ্যা আসামি করা হয়েছে। এ নিয়ে ওহাবের ছেলে মানহানিকর মন্তব্য করে স্ট্যাটাস দিচ্ছেন। এসব অপপ্রচার বন্ধ না করলে তিনি মামলা করবেন।

তবে অভিযোগ অস্বীকার করে সাবেক ইউপি সদস্য ওহাব বলেন, তাঁর ছেলে সাদ্দাম হোসেন যা সত্য তাই ফেসবুকে লিখেছেন। তবুও লেখা ঠিক হয়নি। ইউপি সদস্য সালাম জলদস্যুতার সঙ্গে জড়িত। এ জন্য তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। এতে তাঁর কোনো হাত নেই।