ইউপি সদস্যের বিরুদ্ধে রাস্তার গাছ কাটার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে বরেন্দ্র প্রকল্পের ১৫-২০টি গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। কোনো প্রকার দরপত্র ছাড়াই তিন দিন ধরে শ্রমিক লাগিয়ে একের পর এক গাছ কাটা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে ঝড়ে উপজেলার আবাদপুকুর এলাকার বিভিন্ন রাস্তায় গাছপালা ভেঙে পড়ে। ঝড়ে আবাদপুকুর-কালীগঞ্জ রাস্তার কিছু গাছ ভেঙে পড়লে উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ পাঁচটি গাছ দুই হাজার টাকায় দরপত্রের মাধ্যমে এলাকার একডালা ইউপির সদস্য ও স্থল গ্রামের বাসিন্দা আবু হাসানের কাছে বিক্রি করে। কিন্তু এক মাস ধরে দরপত্রে প্রাপ্ত গাছগুলো না কেটে আবু হাসান রাস্তার পাশের জলকৈ থেকে কালীগঞ্জ পর্যন্ত এলাকার প্রায় ১৫-২০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেন।

এ ব্যাপারে ইউপি সদস্য আবু হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি গাছ কেটে নেওয়ার কথা অস্বীকার করে বলেন, তাঁর কোনো লোক গাছ কাটার সঙ্গে জড়িত নন।

উপজেলা বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্মকর্তা তিতুমির হোসেন বলেন, ‘প্রায় এক মাস আগে ওই রাস্তার ঝড়ে পড়া পাঁচটি গাছ ইউপি সদস্য হাসানের কাছে দুই হাজার টাকায় দরপত্রের মাধ্যমে বিক্রি করা হয়। দরপত্র ছাড়াই ওই রাস্তার কিছু গাছ কাটা হয়েছে—এ সংবাদ পেয়ে বুধবার সকালে দুজনকে তদন্তে পাঠিয়েছিলাম। সেখানে প্রায় ১২-১৪টি গাছ কাটা হয়েছে বলে তদন্ত দল জানিয়েছে। কারা গাছগুলো কেটেছে, সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’