ইউপি সদস্যের বিরুদ্ধে শিক্ষকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ
বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচনকে কেন্দ্র করে নাটোরের বড়াইগ্রাম উপজেলার পাঁচবাড়িয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ইউপি সদস্য ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ওই প্রধান শিক্ষককে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বড়াইগ্রাম থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বর্তমানে ওই বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনের জন্য ভোটার তালিকা তৈরির কাজ চলছে। স্থানীয় নগর ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য বাচ্চু মিয়া ওই বিদ্যালয়ে তাঁকে সভাপতি করার জন্য প্রধান শিক্ষক মিজানুর রহমানকে প্রস্তাব দেন। প্রধান শিক্ষক অপারগতা প্রকাশ করলে বাচ্চু মিয়া ক্ষুব্ধ হন। মঙ্গলবার সকালে প্রধান শিক্ষককে নতুনবাজার এলাকায় পেয়ে ইউপি সদস্য ১০-১২ জন সহযোগী নিয়ে তাঁর ওপর হামলা চালান। দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে গুরুতর জখম করেন। একপর্যায়ে তিনি অচেতন হয়ে পড়লে হামলাকারীরা চলে যায়। পরে স্থানীয় লোকজন তাঁকে প্রথমে বনপাড়ার পাটোয়ারী জেনারেল হাসপাতালে ও পরে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন কুমার দত্ত জানান, শিক্ষক মিজানের ডান পা ও বাম হাত ভেঙে গেছে। তিনি মাথা, ঘাড়সহ শরীরের বিভিন্ন জায়গায় গুরুতর আঘাত পেয়েছেন।
নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন বলেন, অভিযুক্ত সদস্যের সঙ্গে বিদ্যালয়ের কমিটি গঠন নিয়ে বিরোধ ছিল। এর জের ধরে প্রধান শিক্ষকের ওপর হামলা হতে পারে। বিষয়টি উপজেলা পরিষদকে জানানো হয়েছে। তবে বাচ্চু মিয়া এসব অভিযোগ অস্বীকার করে বলেন, প্রধান শিক্ষককে মারপিটের সময় তিনি সেখানে ছিলেন না। কে বা কারা তাঁকে মেরেছে, তা-ও তাঁর জানা নেই।
বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, প্রধান শিক্ষকের অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।