ইউপি সদস্যের বিরুদ্ধে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফল উপজেলায় জব্দ করা সরকারি গাছ। গত রোববার তোলা ছবি l প্রথম আলো
পটুয়াখালীর বাউফল উপজেলায় জব্দ করা সরকারি গাছ। গত রোববার তোলা ছবি l প্রথম আলো

পটুয়াখালীর বাউফল উপজেলার এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের বিরুদ্ধে বিভিন্ন প্রজাতির ৫০টি সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ওই ইউপি সদস্যের নাম মো. দেলোয়ার হোসেন। তিনি কালিশুরী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য।
খবর পেয়ে গত রোববার দুপুরে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. রুহুল আমিন অভিযান চালিয়ে কালিশুরী এলাকার একটি করাতকলের সামনে থেকে ১৫টি গাছ জব্দ করেন।
উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উপজেলা বন বিভাগ কালিশুরী-বাহেরচর সড়কের দুই পাশে সরকারিভাবে রোপণ করা সবুজ বেষ্টনী প্রকল্পের বাবলা, আকাশমণি ও শিশু প্রজাতির ৭২টি গাছের দরপত্র আহ্বান করে। ওই গাছগুলো উপজেলা বন বিভাগ লাল কালি দিয়ে চিহ্নিত করে দেয়। ইউপি সদস্য দেলোয়ার দরপত্রের মাধ্যমে গাছগুলো কেনেন। গত শুক্রবার থেকে শ্রমিক নিয়োগ করে দেলোয়ার ওই গাছগুলো কাটা শুরু করেন ও শনিবার রাতের মধ্যে গাছগুলো কেটে সরিয়ে ফেলেন। এ সময় দেলোয়ার শনাক্ত করা গাছের বাইরেও অতিরিক্ত বিভিন্ন প্রজাতির কিছু গাছ কেটে নেন।
গত রোববার দুপুরে সরেজমিন স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই সড়কের আবদুল মান্নান তালুকদারের বাড়ির সামনে চিহ্নিত করা ছাড়াও কয়েকটি গাছ কেটে নিয়ে গোড়াগুলো মাটি দিয়ে ঢেকে দিয়েছেন দেলোয়ার। আবার চিহ্নিত করা একটি ছোট আকারের আকাশমণি গাছ না কেটে তার পাশ থেকে দরপত্রবহির্ভূত অপর একটি বড় আকাশমণি গাছ কেটে নিয়েছেন। এ রকম প্রায় ৫০টি বিভিন্ন প্রজাতির গাছ কেটে নেওয়া হয়েছে।
তবে ইউপি সদস্য দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি বন বিভাগের চিহ্নিত করা গাছই কেটেছেন।
এ ব্যাপারে উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, চিহ্নিত করার বাইরে ইউপি সদস্য দেলোয়ার অতিরিক্ত গাছও কেটেছেন। এ রকম ১৫টি গাছ ইতিমধ্যে জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।