রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের এক ইউপি সদস্যের বিরুদ্ধে শিমুলঝুড়ি এলাকার সরকারি বনাঞ্চল থেকে গাছ কেটে নেওয়াসহ অন্তত ৬ একর জায়গা জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট বন কর্মকর্তা (ফরেস্টার) ১০ দিন আগে বদরগঞ্জ থানায় লিখিত এজাহার দিলেও গতকাল বৃহস্পতিবার পর্যন্ত তা নথিভুক্ত করা হয়নি। ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক ওরফে ভুট্টু মেম্বারের বিরুদ্ধে ওই বনের জমি দখলের অভিযোগ উঠেছে।
লিখিত এজাহারে উল্লেখ করা হয়, ১৯৫৩ সালের গেজেট অনুযায়ী শিমুলঝুড়ি এলাকার ৬৯৩২ নম্বর দাগের ৫ একর ৫২ শতক জমি সংরক্ষিত বনাঞ্চল। গত ৬ আগস্ট গভীর রাতে লোহানীপাড়া ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য আবু বক্কর সিদ্দিক দলবল নিয়ে ওই বনবিটের জায়গার অন্তত ১৫ থেকে ২০টি আকাশমণি গাছ কেটে নিয়ে যান। এর আগে জুলাই মাসে একইভাবে তিনি ওই জায়গা থেকে ৫৬টি গাছ কেটে নিয়ে যান। এসব গাছের আনুমানিক মূল্য অন্তত চার লাখ টাকা। গাছগুলো ২০০৫ সালে বন বিভাগ লাগিয়েছিল।
মিঠাপুকুর রেঞ্জের লোহানীপাড়া বনবিট কর্মকর্তা শাহজাহান আলী গত বুধবার অভিযোগ করেন, ‘ওই ইউপি সদস্যের নেতৃত্বে বনবিটের জায়গা থেকে অন্তত ৭৫টি আকাশমণি গাছ কেটে নেওয়া হয়েছে। বাধা দেওয়া হলে ওই ইউপি সদস্য ও তাঁর সাঙ্গপাঙ্গরা আমাকে এবং আমার কর্মচারীদের প্রাণনাশের হুমকি দিয়েছেন।’ বন কর্মকর্তা আরও বলেন, এ ব্যাপারে গত ৮ আগস্ট ওই ইউপি সদস্য ও তাঁর তিন সাঙ্গপাঙ্গের নামে থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ তা এখনো নথিভুক্ত করেনি।
অভিযোগ প্রসঙ্গে ইউপি সদস্য আবু বক্কর বলেন, ‘আমি ওই ৫ একর ৫২ শতক জায়গা সরকারের কাছ থেকে পত্তন নিয়েছি।’ তবে এ-সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে তিনি ‘পরে দেখাব’ বলে বিষয়টি এড়িয়ে যান।
বদরগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন, ‘থানায় অনেক অভিযোগ প্রতিদিন আসে। কাগজপত্র না দেখে কিছু বলতে পারছি না। ফরেস্টার এমন অভিযোগ দিয়ে থাকলে তা খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’