সিলেটের বিশ্বনাথ উপজেলায় ত্রাণ বরাদ্দ নিয়ে অনুষ্ঠিত সভায় দুই পক্ষের হাতাহাতি থামাতে গিয়ে রামপাশা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তাজ উল্লাহর মারা যাওয়াকে ‘হত্যাকাণ্ড’ দাবি করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।
গতকাল মঙ্গলবার বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করে সেটি ইউপি কমপ্লেক্সের সামনে এসে সমাবেশে মিলিত হয়। সেখানে ইউপির ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিনসহ এলাকার কয়েকজন বক্তব্য দেন। এতে তাজ উল্লাহর মৃত্যু স্বাভাবিক নয় দাবি করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানানো হয়।
এর আগে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্ত শেষ করে গতকাল দুপুরে তাজ উল্লাহর লাশ পরিবারের জিম্মায় দেওয়া হয়। বিকেলে তাঁর দাফন হয়।
গত সোমবার বিকেলে রামপাশা ইউপি কমপ্লেক্সে বন্যার্ত লোকজনের জন্য ত্রাণসামগ্রীর বরাদ্দ নিয়ে সভায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলমগীরের সঙ্গে ২ নম্বর ওয়ার্ডের সদস্য ইমাম উদ্দিনের বাগ্বিতণ্ডা হয়। এর জের ধরে দুই পক্ষে হাতাহাতি শুরু হয়। তা ঠেকাতে গিয়ে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য তাজ উল্লাহ সংজ্ঞাহীন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এক পক্ষের চেয়ারের আঘাতে তিনি মারা গেছেন বলে অভিযোগ উঠলে রাতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।