ইউপিডিএফ ও ভূমি কমিটির নেতারা আত্মগোপনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির দীঘিনালায় গত রোববার পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের সঙ্গে সংঘর্ষের পর থেকে দীঘিনালা ভূমি রক্ষা কমিটি ও ইউপিডিএফের নেতা-কর্মীরা আত্মগোপন করেছেন। সংঘর্ষের ঘটনায় দীঘিনালা থানার পরিদর্শক (তদন্ত) ইসরাফিল মজুমদার ওই রাতেই একটি মামলা করেন।
মামলায় জনপ্রতিনিধি ও ইউপিডিএফের নেতা-কর্মীদের আসামি করা হয়। মামলা দায়েরের পর পুলিশ অভিযানে নেমেছে। এলাকায় পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, পুলিশ, নারী পুলিশ, সেনাবাহিনী ও আনসার সদস্যরা টহল দিচ্ছেন। থানা বাজারের সাপ্তাহিক হাটবার থাকলেও আদিবাসীদের উপস্থিতি খুবই কম। কয়েকজন আদিবাসী নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাধারণ আদিবাসীরা কোনো পক্ষেই কথা বলতে পারেন না। তাঁদের অসহায়ভাবে থাকতে হয়। তাঁরা বলেন, পুলিশের ভয় আর অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আদিবাসীরা বাজারে আসেনি। যারা এসেছে তারা কেনাকাটা করে দ্রুত চলে গেছে।
দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সদস্য ও ইউপিডিএফের উপজেলা সংগঠক কিশোর চাকমা বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের কারণে আমাদের নেতা-কর্মীরা বের হতে পারছেন না। সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। মামলায় নিরীহ লোকজনকে আসামি করা হয়েছে।’
দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদত হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। তবু অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
এদিকে দীঘিনালা উপজেলার বাবুছড়ায় নির্মাণাধীন বিজিবির ৫১ ব্যাটালিয়ন সদর দপ্তর অন্যত্র সরিয়ে নেওয়া ও উচ্ছেদ হওয়া ২১ পরিবারকে পূর্বের জায়গায় পুনর্বাসনের দাবি জানিয়েছে ইউপিডিএফ। তবে বিজিবি ক্যাম্প স্থাপন নিয়ে ‘ষড়যন্ত্রে’র প্রতিবাদে গতকাল খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ।
ইউপিডিএফের জেলা সংগঠক প্রদীপন খীসা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, নিরীহ গ্রামবাসীকে জোরপূর্বক উচ্ছেদ করে ক্যাম্প স্থাপন কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা মানবাধিকার ও দেশের সংবিধানে বর্ণিত মৌলিক অধিকারের পরিপন্থী। বিবৃতিতে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির উদ্যোগে শান্তিপূর্ণ পদযাত্রায় ‘পুলিশ ও সেনাবাহিনীর হামলার’ নিন্দা জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহার ও গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তির দাবি জানানো হয়।
পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ বাবুছড়া বিজিবি ক্যাম্প স্থাপন নিয়ে আঞ্চলিক দল ইউপিডিএফের বিরোধিতার প্রতিবাদ জানিয়ে খাগড়াছড়ি শহরে বিক্ষোভ মিছিল করে।