ইউপিডিএফ নেতার বাড়ি থেকে ৮০ লাখ টাকা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি জেলা সদরের জামতলী এলাকায় ইউপিডিএফের নেতা প্রদীপন খীসার বাড়িতে অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ভোর পর্যন্ত ইউপিডিএফের ‘সামরিক শাখার প্রধান’ প্রদীপন খীসার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে ৮০ লাখ টাকা, চাঁদার রসিদ, চাঁদার টাকা খরচের হিসাবসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়। ওসি বলেন, অভিযানের সময় প্রদীপন খীসাকে পাওয়া যায়নি।
ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরণ চাকমা বলেন, আলুটিলায় ট্রাকের চাপায় নিহত ব্যক্তিদের পরিবার ও আহত ব্যক্তিদের সহায়তাসহ বিভিন্ন সেবামূলক খাতে ব্যয়ের জন্য সংগৃহীত ৮০ লাখ টাকা নিয়ে গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ‘গচ্ছিত গণচাঁদা’ ফিরিয়ে দেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
নিরণ চাকমার অভিযোগ, প্রদীপন খীসার বাড়িতে তল্লাশির নামে জিনিসপত্র তছনছ ও ভাঙচুর করা হয়েছে।
নিরণ চাকমা বলেন, অসুস্থ আত্মীয়কে দেখতে যাওয়ার কারণে অভিযানের সময় বাড়িতে ছিলেন না প্রদীপন খীসা।