ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়িতে দুর্বৃত্তদের গুলিতে ইউপিডিএফের সদস্য দিলীপ কুমার চাকমা (৪২) ওরফে বিনয় চাকমা নিহত হয়েছেন। আজ শনিবার সকাল আটটায় খাগড়াছড়ি সদরের হরিনাথপাড়া রাঙাপানি ছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের জন্য প্রতিপক্ষ গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে। নিহত দিলীপ কুমার চাকমার মণিপুর লেন্দিয়াপাড়ার সন্তোষ চাকমার ছেলে।

স্থানীয় ব্যক্তিরা বলেন, সকালে বাড়ির সামনে দিলীপ চাকমাসহ দুজন বসে ছিলেন। এ সময় একদল অস্ত্রধারী এসে তাড়া করলে দিলীপ চাকমা পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু অস্ত্রধারীরা পেছন থেকে গুলি করলে তিনি ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। অন্যজন পালিয়ে যেতে সক্ষম হন।

ইউপিডিএফের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক নিরণ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিবৃতিতে অবিলম্বে সন্ত্রাসীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের কাছে দাবি জানান।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আবদুল হান্নান বলেন, এই ঘটনার জন্য কেউ থানায় অভিযোগ করতে আসেনি।

ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা সংগঠক মাইকেল চাকমা এই হত্যাকাণ্ডের জন্য গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে।

অন্যদিকে হত্যার অভিযোগ অস্বীকার করে গণতান্ত্রিক ইউপিডিএফ সদস্যসচিব শ্যামল কান্তি চাকমা জলেয়া বলেন, নিজেদের দলীয় কোন্দলের জেরেই এ হত্যাকাণ্ডগুলো হচ্ছে। তিনিও এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন।

গত ৩ জানুয়ারি ইউপিডিএফের সংগঠক মিঠুন চাকমাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা করা হয়। এরপর ২৬ জানুয়ারি ইউপিডিএফ সদস্য শান্তিময় চাকমাকে গুলি করা হয়। এ ঘটনায় ইউপিডিএফ গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছে।