ইউপিডিএফ সদস্যকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কর্মী উচিমং মারমা (১৮) সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন। নিহত উচিমং একই উপজেলার বাটনাতলী ইউনিয়নের মরাডলু গ্রামের বাসিন্দা। গতকাল সোমবার সকালে উপজেলার মানিকছড়ি ইউনিয়নের লাফাডং পাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার রাতে লাফাডং পাড়ার একটি বাড়িতে ইউপিডিএফের তিন কর্মী অবস্থান করেন। গতকাল সকালে ওই বাড়ি থেকে অন্যত্র চলে যাওয়ার সময় সেখানে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের ওপর অতর্কিতে আক্রমণ চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই উচিমংয়ের মৃত্যু হয়। তাঁর অন্য দুই সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হন। ইউপিডিএফের খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা এক বিবৃতিতে নিহত ব্যক্তি উচিমং মারমাকে নিজেদের সংগঠনের কর্মী দাবি করে এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। হামলার জন্য তিনি সন্তু লারমার সমর্থক সশস্ত্র ক্যাডারদের দায়ী করেন এবং দায়ী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান।