
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলি ইউনিয়নের উত্তর বঙ্গলতলি গ্রামের যুবক মিশর চাকমা হত্যাকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এই মামলা হয়।
মামলার বাদী হয়েছেন জনসংহতি সমিতি (এমএন লারমার) কর্মী চয়ন চাকমা। মামলায় ইউপিডিএফের প্রধান প্রসিত বিকাশ খীসাসহ ৩২ জনকে আসামি করা হয়।
পুলিশ জানায়, গতকাল রাত ৯টার দিকে মিশর চাকমার বাবার বড় ভাইয়ের ছেলে চয়ন চাকমা বাদী হয়ে মামলা করেন। এতে ইউপিডিএফের প্রধান প্রসিত বিকাশ খীসাসহ ইউপিডিএফের ৩২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়।
এ বিষয়ে ইউপিডিএফের মুখপাত্র মাইকেল চাকমা প্রথম আলোকে বলেন, রাজনৈতিক উদ্দেশ্যে আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। পরিবারের সদস্য বাদী না হয়ে জনসংহতি সমিতির (এমএন লারমা) সক্রিয় কর্মীকে দিয়ে মিথ্যা মামলা করানো হয়েছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমির হোসেন প্রথম আলোকে বলেন, মিশর চাকমা হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফের প্রধান প্রসিত বিকাশ খীসাকে আসামি করে ইউপিডিএফের ৩২ জন নেতা-কর্মীকে আসামি করা হয়। মিশর চাকমার বাবার বড় ভাইয়ের ছেলে চয়ন চাকমা বাদী হয়ে মামলা করেন।
২২ আগস্ট রাতে উত্তর বঙ্গলতলি গ্রামের নিজ বাড়ির অদূরে মিশর চাকমাকে মাথায় আঘাত করে দুষ্কৃতকারীরা হত্যা করে। তাঁর হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফ-জনসংহতি সমিতি (এম এন লারমা) পরস্পরকে দায়ী করে।