ইউপিডিএফের কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে মিছিল, সমাবেশ
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রুপকারী ইউনিয়নে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) কার্যালয় ভাঙচুর-অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় রুপালী উচ্চবিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।
ইউপিডিএফের সহযোগী সংগঠন যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের উদ্যোগে সমাবেশে বক্তব্য দেন বাঘাইছড়ি উপজেলা যুব ফোরামের সভাপতি অঙ্গত চাকমা, যুব ফোরামের কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক চিক্কেধন চাকমা, উপজেলা যুব ফোরামের সাধারণ সম্পাদক জ্যোতির্ময় চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সোহেল চাকমা, আসেন্টু চাকমা প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, সেনাবাহিনীর সদস্যরা ইউপিডিএফ নির্মাণাধীন কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। দলের কার্যক্রম চালাতেও নানাভাবে বাধা দেওয়া হচ্ছে।
তবে করেঙ্গতলি সেনাক্যাম্প কমান্ডার মেজর মো. সেলিম জানান, যেখানে ইউপিডিএফের কার্যালয় নির্মাণ করা হচ্ছে, সেটা রুপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জায়গা। ইউপিডিএফ অনুমতি ছাড়া কার্যালয় নির্মাণ করছে। অবৈধ হওয়ায় স্থাপনাটি ভেঙে দেওয়া হয়েছে।