ইউপিডিএফের তিন কর্মীকে গুলি করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির লংগদুতে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তিন কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার সদর ইউনিয়নের ভাইবোনছড়া এলাকার এক বাড়িতে এ ঘটনা ঘটে। তিন কর্মী ওই বাড়িতে অবস্থান করছিলেন। হত্যার পর দুর্বৃত্তরা বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
ইউপিডিএফ এ হত্যাকাণ্ডের জন্য জনসংহতি সমিতিকে দায়ী করেছে। দলটির অভিযোগ, জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমার নির্দেশে এ ঘটনা ঘটেছে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সন্তু লারমার অপসারণের দাবি জানিয়েছে দলটি। তবে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, জনগণকে বিভ্রান্ত এবং সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই ইউপিডিএফ এ অভিযোগ তুলেছে।
ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা জানান, নিহত তিন কর্মী হলেন যুদ্ধমণি চাকমা ওরফে অমিত (৩২), রূপময় চাকমা ওরফে সুজয় (৩০) ও সুমন চাকমা (২৫)।
তিন কর্মীকে হত্যার প্রতিবাদে দুপুরে রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ইউপিডিএফ। ইউনিয়নের বড়মহাপুরুম উচ্চবিদ্যালয় ফটকের সামনে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আয়োজিত এ সমাবেশে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কাল মঙ্গলবার জেলায় অর্ধদিবস হরতালের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ইউপিডিএফ-সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাবলু চাকমা হরতালের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেছেন।
ইউপিডিএফ সূত্র জানায়, গত শনিবার কয়েকজন কর্মী সাংগঠনিক কাজে লংগদু সদর থেকে দক্ষিণ-পশ্চিমে নৌপথে প্রায় সাত কিলোমিটার দূরে ভাইবোনছড়া এলাকায় যান। রাতে তাঁরা সহকর্মী যুদ্ধমণি চাকমার বাড়িতে থাকেন। গতকাল সকাল সাড়ে ছয়টা থেকে সাতটার মধ্যে সশস্ত্র দুর্বৃত্তরা ওই বাড়িটি ঘিরে গুলি করতে থাকে। এ সময় ঘর থেকে বের হতে গিয়ে গুলিতে ওই তিনজন মারা যান। অন্য ইউপিডিএফ কর্মী ও বাড়ির সদস্যরা পালিয়ে প্রাণে বাঁচেন। পরে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা।
ইউপিডিএফের তথ্য বিভাগের প্রধান নিরন চাকমা জানান, যুদ্ধমনি চাকমা লংগদু উপজেলার সদর ইউনিয়নের ভাইবোনছাড়া গ্রামের তুলমণি চাকমার ছেলে। রূপময় চাকমা একই ইউনিয়নের বড় কাট্টলী গ্রামের রুস্তম চাকমার ছেলে এবং রূপম চাকমা নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ছোট করল্যাছড়ি গ্রামের নারায়ণ চাকমার ছেলে।
লংগদু থানার ওসি মো. আবুল কালাম চৌধুরী জানান, তিনজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।