ইউপিডিএফ-জেএসএস সংঘর্ষ, তিনজন নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুটি স্থানে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতির (জেএসএস-সন্তু) সদস্যদের মধ্যে সংঘর্ষ ও গুলিবিনিময়ে তিনজন নিহত ও একজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বেলা সাড়ে তিনটা পর্যন্ত উপজেলার বঙ্গলতলী ও খেদারমারা ইউনিয়নে ওই সব সংঘর্ষ হয়। পরিচয় পাওয়া নিহত ব্যক্তি হলেন তুফান চাকমা। তিনি ইউপিডিএফের সদস্য।
স্থানীয় লোকজন ও পুলিশের ভাষ্য, বঙ্গলতলী ইউনিয়নের দুলুবন্যা গ্রামে ওই সংগঠনের সশস্ত্র সদস্যদের মধ্যে সকাল সাড়ে আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ হয়। এ সংঘর্ষে তিনজন নিহত হন। সংঘর্ষে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। এদিকে খেদারমারা ইউনিয়নের নলবনিয়া ভাবনা কুঠির এলাকায় বেলা পৌনে দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত পৃথক সংঘর্ষ হয়। এতে আহত হন একজন। একপর্যায়ে এসব ঘটনাস্থলে সেনাসদস্যরা উপস্থিত হলেও এর আগেই সংঘর্ষে লিপ্ত ব্যক্তিরা পালিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক দুলুবন্যা গ্রামের এক ব্যক্তি বলেন, ‘বন্দুকযুদ্ধের পর গ্রামের বৌদ্ধবিহারের পাশে একজনের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। গ্রামের লোকজন ভয়ে ঘর থেকে বের হচ্ছে না।’ বঙ্গলতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তারুসি চাকমা বলেন, ‘ওই গ্রামে দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে সব হতাহতের নাম-পরিচয় জানা যায়নি।’
তবে ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলা শাখার প্রধান সমশান্তি চাকমা বলেন, ‘দুলুবন্যা এলাকায় কোন দলের সঙ্গে কোন দলের গুলিবিনিময় হয়েছে, তা আমাদের জানা নেই।’
জনসংহতি সমিতির উপজেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিদীপ চাকমা বলেন, ‘আমার দলে কোনো সশস্ত্র সদস্য নেই। বন্দুকযুদ্ধে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।’
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজিজুল হক বলেন, দুলুবন্যা ও নলবনিয়া কুঠির এলাকায় ব্যাপক বন্দুকযুদ্ধ হলেও দুর্গম অঞ্চল হওয়ায় সেখানে যাওয়া যায়নি। নিহত একজনের পরিচয় জানা গেছে।