বাংলাদেশ রেলওয়ের মহাব্যবস্থাপক (বর্তমানে সাময়িক বরখাস্ত) ইউসুফ আলী মৃধাকে নিয়োগে দুর্নীতির আরও একটি মামলা থেকে দায়মুক্তি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সম্প্রতি মৃধাকে বাদ দিয়ে কমিশন একটি মামলার অভিযোগপত্রের অনুমোদন দিয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।
এ নিয়ে দুদকের ছয়টি মামলা থেকে ইউসুফ আলী মৃধাকে অব্যাহতি দিল কমিশন। সবগুলো মামলাতেই মৃধা এজাহারভুক্ত আসামি হিসেবে থাকলেও অভিযোগপত্রে তাঁর নাম বাদ দেওয়া হয়।
দুদক সূত্র জানায়, ২০১৩ সালের ১৭ এপ্রিল চট্টগ্রামের কোতোয়ালি থানায় এই মামলা করে দুদক। দুদকের উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান তদন্ত শেষে চট্টগ্রাম রেলওয়ের সিনিয়র ওয়েলফেয়ার অফিসার ও নিয়োগ কমিটির সদস্যসচিব গোলাম কিবরিয়া এবং বাংলাদেশ রেলওয়ে সরকারি চিলড্রেন পার্ক উচ্চবিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক চন্দন কুমার রায়কে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্রে বলা হয়, ইউসুফ আলী মৃধা নিয়োগ-প্রক্রিয়ার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন না। তিনি তাঁর দৈনন্দিন কার্যক্রম হিসেবে এসব নিয়োগ অনুমোদন করেছেন। তিনি এ অপরাধের সঙ্গে জড়িত ছিলেন—তদন্তে এ ধরনের কোনো সাক্ষ্যপ্রমাণ পাওয়া যায়নি।
এর আগে ২০১৪ সালের সেপ্টেম্বরে একটি, জুলাই মাসে তিনটি এবং জুন মাসে আরেকটি মামলার দায় থেকে ইউসুফ আলী মৃধাকে অব্যাহতি দিয়ে অভিযোগপত্র দাখিল করে দুদক।
প্রসঙ্গত, ২০১২ সালের ৯ এপ্রিল তৎকালীন রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তর বাসায় যাওয়ার পথে টাকার বস্তাসহ আটক হন মৃধা। রেলের ‘কালো বিড়াল’ খোঁজার ঘোষণা দিয়ে আলোচিত মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত ব্যাপক সমালোচনায় পড়েন। তাঁকে সরিয়ে দেওয়া হয় রেল মন্ত্রণালয় থেকে। টাকার বস্তাসহ আটক মৃধার বিরুদ্ধে তদন্তে নামে দুদক।
২০১১ সালে রেলওয়ের পূর্বাঞ্চলে ১ হাজার ১১৭ জনকে নিয়োগে অনিয়মের অভিযোগে মৃধা ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে ২০১২ সালে দুদক ১৪টি মামলা দায়ের করে। মামলা হওয়ার পর দেড় বছর পলাতক থাকেন। এরপর চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন মৃধা। বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এখন চট্টগ্রাম কারাগারেই আছেন মৃধা।