ইউসেপে অনিয়ম, সংবাদ সম্মেলনে অভিযোগ
সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী উন্নয়ন সংগঠন ইউসেপ বাংলাদেশের তিন শতাধিক শিক্ষক-কর্মকর্তার অবৈধভাবে চাকরিচ্যুতির অভিযোগ তুলে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক ও চেয়ারম্যান জাকী হাসানের অপসারণ দাবি করেছে চাকরিচ্যুতদের একাংশ। গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউসেপের চাকরিচ্যুত শিক্ষক মাকসুদা বেগম। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নে উত্তর দেন প্রতিষ্ঠানটির সাবেক কর্মসূচি ব্যবস্থাপক জিয়া আনসারী।
মাকসুদা বেগম বলেন, গত ৩১ ডিসেম্বর ইউসেপ প্রোগ্রামের সপ্তম পর্যায়ের কাজ শেষ হয়। চলতি মাসের ১ জানুয়ারি থেকে শুরু হয় অষ্টম পর্যায়।
এ সময়ে কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে অযোগ্য লোকদের অষ্টম পর্যায়ে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের অন্যায়ের প্রতিবাদকারীদের চাকরিচ্যুত করা হয়।
এই নিয়োগ প্রক্রিয়া বন্ধে গত ২৯ ডিসেম্বর উচ্চ আদালতে রিট করা হয়েছিল উল্লেখ করে মাকসুদা বেগম বলেন, রিট আমলে নিয়ে আদালত নিয়োগ প্রক্রিয়ায় (অ্যানাউন্সমেন্ট-২) ওপর স্থগিতাদেশ দেন। কিন্তু ৪ জানুয়ারি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পর্ষদের চেয়ারম্যান মতিন চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আবার ওই পূর্ববর্তী আদেশের ওপর ২৮ দিনের স্থগিতাদেশ দেন। এ সময় মতিন চৌধুরী ক্ষমতার অপব্যবহার ও তথ্য গোপন করেছেন বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।
এসব অভিযোগ সম্পর্কে জানতে চাইলে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জাকী হাসান প্রথম আলোকে বলেন, ‘একটি প্রকল্পে চাকরি না পেয়ে তাঁরা এসব অভিযোগ করেছেন। আমরা সরকারি ও বৈদেশিক সাহায্যের মাধ্যমে কাজ করি। যদি আর্থিক অনিয়মের কোনো অভিযোগ থাকে, তবে সাহায্যকারীরা নিশ্চয়ই তদন্ত করে দেখবেন। তখনই সত্য-মিথ্যা বেড়িয়ে আসবে।’