ইওসির অস্ত্রোপচার বন্ধ ২২ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ মাসের বেশি সময় ধরে ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি প্রসবসেবা কার্যক্রমের (ইওসি) আওতায় সিজারিয়ান অস্ত্রোপচার বন্ধ রয়েছে। হাসপাতালে অবেদনবিদ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ২০১৫ সালের জানুয়ারিতে এ হাসপাতালের সর্বশেষ কর্মরত অবেদনবিদ আবদুল মোতালেব অবসরে যান। এরপর চলতি বছরের জুলাইয়ে এ পদে একজন যোগ দেন। পরের মাস আগস্টেই তিনি ছয় মাসের প্রশিক্ষণে চলে যান। ফলে শূন্যপদ পূরণ হলেও তা কাজে আসছে না। এ কারণে অস্ত্রোপচারের প্রয়োজনে হাসপাতালে আসা দরিদ্র পরিবারের প্রসূতিরা ভোগান্তির শিকার হচ্ছেন।

হাসপাতালটির নথিপত্র ঘেঁটে দেখা যায়, ২০০৩ সালের ৪ আগস্ট এখানে ইওসি কার্যক্রম চালু করা হয়। এর উদ্দেশ্য ছিল প্রত্যন্ত অঞ্চলে মাতৃ ও শিশুমৃত্যুর হার কমানো। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিদেশি একটি দাতা সংস্থার যৌথ উদ্যোগে এ সেবা চালু করা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সের তৎকালীন জ্যেষ্ঠ চিকিৎসক তাজুল ইসলাম খান ও আবদুল মোতালেবকে অবেদন বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দিয়ে জরুরি প্রসূতিসেবা কার্যক্রমটি ২০০৮ সাল পর্যন্ত চালু রাখা হয়। দাতা সংস্থার সহায়তা বন্ধ হওয়ার পর ইওসি কার্যক্রম স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত সেবার সঙ্গে যুক্ত হয়ে চালু থাকে। প্রতি মাসে পাঁচ থেকে আটজন প্রসূতির জরুরি অস্ত্রোপচার করা হতো এখানে। চিকিৎসক তাজুল ইসলাম খান ২০১৪ সালের ৩১ ডিসেম্বর বদলি হয়ে চলে যান। এরপর হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট (সার্জারি) দেলোয়ারা পারভীন কিছুদিন অস্ত্রোপচার করেন। ২০১৫ সালের জানুয়ারিতে অবেদনবিদ আবদুল মোতালেব অবসরে যান। এরপর এখানে জরুরি প্রসবসেবার অস্ত্রোপচার কার্যক্রম বন্ধ হয়ে যায়।

চলতি বছর তাজুল ইসলাম খান পদোন্নতি পেয়ে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে যোগ দেন। গতকাল সোমবার মুঠোফোনে যোগাযোগ করে ইওসির সিজারিয়ান অস্ত্রোপচার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, গত জুলাইয়ে একজন অবেদনবিদ এখানে যোগদান করেন। কিন্তু তিনি আগস্ট থেকে ছয় মাসের প্রশিক্ষণের ছুটিতে আছেন। প্রশিক্ষণ শেষে তিনি এখানে ফিরে এলে গাইনি বিভাগের শল্যচিকিৎসকের সমন্বয়ে অস্ত্রোপচার কার্যক্রম শুরু করা সম্ভব হবে।