সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদে ট্রেনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল সোমবার ইকবাল হাসান মাহমুদ আইনজীবীর মাধ্যমে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জাফরোল হাসান জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত, মামলার বিবরণী ও বিএনপি-দলীয় সূত্র জানায়, ছাত্রদল নেতা নাজির উদ্দিন জেহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ২০১০ সালের ১১ অক্টোবর সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদের মুলিবাড়িতে রেললাইনের পাশে এক জনসমাবেশের আয়োজন করে কেন্দ্রীয় ছাত্রদল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সমাবেশ শুরু হওয়ার আগে দিনাজপুর থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ছয়জন বিএনপিকর্মী নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ দলের নেতা-কর্মীরা ট্রেনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ ঘটনায় ১০টি মামলা করা হয়। এসব মামলায় ইকবাল হাসান মাহমুদসহ বিএনপির কয়েক হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়।
ইকবাল হাসান মাহমুদের আইনজীবী এস এম নাজমুল ইসলাম বলেন, ১০টি মামলার মধ্যে ৭টির তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়েছে। এর মধ্যে বিশেষ ট্রাইব্যুনালের ৩টি মামলা এবং ভাঙচুর, পুলিশের ওপর হামলাসহ নানা নাশকতার ঘটনায় নিম্ন আদালতে (একটি মামলা অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও তিনটি মামলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে) আরও চারটি মামলা চলমান রয়েছে।