ইকোপার্কের জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের হাজীগঞ্জে শীতলক্ষ্যার তীরে সিটি করপোরেশনের ইকোপার্কের জমি দখল করে ‘বাংলাদেশ জাতীয় পার্টি অঙ্গসংগঠন’ ব্যানারে ওয়ার্ড কার্যালয় নির্মাণ করা হচ্ছে।
সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, শীতলক্ষ্যার পশ্চিম তীরে হাজীগঞ্জে ৭০ শতাংশ নিজস্ব জমিতে ইকোপার্ক নির্মাণ করছে সিটি করপোরেশন। পশ্চিমপাড়ে হাজীগঞ্জ খেয়াঘাট ও পূর্বপাড়ে নবীগঞ্জ খেয়াঘাট রয়েছে। দুই খেয়াঘাট দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ নৌকা ও ট্রলারে নদী পারাপার হয়। খেয়া পারাপারের যাত্রী ও নাগরিকদের জন্য সিটি করপোরেশন জুন মাসে ইকোপার্ক নির্মাণ শুরু করে। প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ৭০ লাখ টাকা।
গতকাল বৃহস্পতিবার সকালে সরেজমিনে দেখা গেছে, নির্মাণাধীন ইকোপার্কের জমির এক পাশে ইটের স্থাপনা তৈরি করা হচ্ছে। সেখানে একটি বড় ব্যানার টাঙানো রয়েছে। এতে লেখা আছে, ‘বাংলাদেশ জাতীয় পার্টি অঙ্গসংগঠন, ১১ নম্বর ওয়ার্ড কার্যালয়, নারায়ণগঞ্জ জেলা’। ব্যানারের মাঝখানে স্থানীয় জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমানের ভাতিজা আজমেরী ওসমানের বড় ছবি রয়েছে। ব্যানারের এক পাশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ছবি আছে। অন্য পাশে আজমেরীর বাবা জাতীয় পার্টির প্রয়াত সাংসদ নাসিম ওসমান, দুই চাচা যথাক্রমে জাতীয় পার্টির সাংসদ সেলিম ওসমান ও আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের ছবি রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের এস্টেট কর্মকর্তা কালাম মোল্লা প্রথম আলোকে বলেন, নির্মাণাধীন ইকোপার্কে সিটি করপোরেশনের জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করে রাজনৈতিক দলের কার্যালয় নির্মাণ করা হয়েছে। কার্যালয়টি সরিয়ে নেওয়ার জন্য মৌখিকভাবে অনুরোধ জানানো হয়েছে। অবৈধ স্থাপনা সরাতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জেলা জাতীয় পার্টির (জাপা) আহ্বায়ক আবু জাহের বলেন, ১১ নম্বর ওয়ার্ডে জাপার কমিটি আছে। কিন্তু ওই কমিটির পক্ষ থেকে ইকোপার্কের জমিতে কোনো কার্যালয় নির্মাণ করা হচ্ছে কি না, তা তাঁর জানা নেই।