ইচ্ছেমতো ট্রেন থামালেন বহিরাগত যুবকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের উদ্দেশে ছুটে চলছে আন্তনগর ট্রেন মহানগর প্রভাতী। ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন পার হওয়ার পর হঠাৎ থেমে গেল। হুড়মুড় করে ট্রেনের ছাদে উঠতে থাকলেন শতাধিক যুবক। কেউ কেউ বগিতেও উঠলেন। এরপর কুমিল্লা পর্যন্ত আরও অন্তত পাঁচবার থেমে গেল ট্রেন। প্রতিবারই দল বেঁধে বহিরাগত যুবকেরা ছাদে উঠতে থাকেন। এভাবে বারবার অনির্ধারিত স্টপেজে ট্রেন থামার কারণে শঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
গতকাল সোমবার দুপুরে আখাউড়া স্টেশনের পর থেকে কুমিল্লা স্টেশনের আগ পর্যন্ত এ ঘটনা ঘটে। প্রথম আলোর এই প্রতিবেদকসহ ওই ট্রেনের যাত্রীরা ঘটনার প্রত্যক্ষদর্শী।
ট্রেনের পরিচালকের (গার্ড) সঙ্গে কথা বলে জানা গেল, এই ছয়বারের একবারও চালক ট্রেন থামাননি। প্রতিবারই বহিরাগতরা ছাদের এয়ার ভ্যাকুয়াম বন্ধ করে ট্রেন থামিয়েছে।
ট্রেনের দায়িত্বে থাকা পুলিশ বলছে, মাত্র তিনজন জনবল নিয়ে তাঁদের কিছুই করার ছিল না। দায়িত্বরত উপপরিদর্শক আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, আখাউড়ায় হঠাৎ করে ট্রেন থামিয়ে কয়েক শ ছেলে ছাদে উঠতে থাকে। বাঁশি ফুঁ দিয়ে তাদের ঠেকানোর চেষ্টা করেও সম্ভব হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে। এ কারণে ট্রেন নির্ধারিত সময়ে পৌঁছাতে পারে না।
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত ট্রেনটি স্বাভাবিকভাবে চলেছে বলে জানান ট্রেনের যাত্রী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র আতাউর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, আখাউড়া স্টেশনে কিছুক্ষণ থেমে ট্রেনটি ছাড়ার পরপরই আচমকা ট্রেনটা থেমে যায়। এরপর হইহই আওয়াজ করে ট্রেনটিতে ওঠেন শতাধিক যুবক। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীদের কেউ কেউ জানালা দিয়ে প্রতিবাদ করার চেষ্টা করলে পাল্টা ইট মারা হয়। ভয়ে সবাই তখন জানালা বন্ধ করে দেন।
বহিরাগত এই যাত্রীরা কীভাবে ট্রেন থামান, জানতে চাইলে মহানগর প্রভাতীর দায়িত্বে থাকা পরিচালক (গার্ড) শ্যামল বড়ুয়া প্রথম আলোকে বলেন, ট্রেনের প্রতি দুটি বগির সংযোগস্থলে এয়ার ভ্যাকুয়াম যন্ত্র থাকে। ছাদের ওপর থেকে এতে চাপ দিলে হঠাৎ করে বাতাস শূন্য হয়ে যায়। তখন প্রচণ্ড ধাক্কায় আচমকা ট্রেন থেমে যায়। বহিরাগতরা এভাবে ছয়বার ট্রেন থামিয়েছে। ফলে ট্রেন গতি হারাচ্ছিল। এ কারণে সকাল ৭টা ৪০ মিনিটে ছেড়ে আসা প্রভাতীর বেলা ২টা ২০ মিনিটে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময় থেকে এক ঘণ্টা দেরিতে পৌঁছেছে।