ইছামতী থেকে জাপা নেতার বালু উত্তোলন

ঢাকার নবাবগঞ্জের ভাঙ্গাভিটা এলাকায় ইছামতী নদী থেকে ড্রেজার দিয়ে বালু তুলছেন উপজেলা জাতীয় পার্টির (জাপা) নেতা মো. মুরাদ মিয়া। এতে পার্শ্ববর্তী বসতবাড়ি ও কৃষিজমি হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মুরাদ মিয়া ও তাঁর লোকজন ১০-১২ দিন ধরে ইছামতী নদী থেকে ড্রেজার দিয়ে অবাধে বালু তুলছেন। কৃষিজমির মাটি কেটে পুকুর বানাচ্ছেন তাঁরা। দলীয় সূত্রে জানা যায়, মো. মুরাদ মিয়া উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক।
গতকাল বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, দুটি ড্রেজার দিয়ে নদী থেকে বালু তোলা হচ্ছে। এ সময় কথা হয় ভাঙ্গাভিটা গ্রামের কৃষক পরিতোষ বাবুর সঙ্গে। তিনি বলেন, ‘কোনোকালেও আমাদের এই এলাকায় বালুমহাল ছিল না। মুরাদ মিয়া ফসলি জমির ধারে ১৬ ইঞ্চি ব্যাসার্ধের লোহার পাইপ দিয়ে ১২০ ফুট গভীর থেকে বালু তুলতে পারে এমন দুটি ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করছেন। এভাবে প্রতিদিন শতাধিক বাল্কহেডে বালু ভরা হচ্ছে।’
স্থানীয় বাসিন্দা জয়দেব বলেন, ‘নদীর পাড়েই আমার কৃষিজমি রয়েছে। এভাবে যদি বালু তোলা অব্যাহত থাকে, তাহলে আমি আমার জমিটি হারাব। তখন আমি বউ-বাচ্চা নিয়ে খাব কী। এই বালুখেকোদের ক্ষমতা আর টাকার কাছে আমরা জিম্মি হয়ে পড়েছি।’
মুরাদ মিয়া বালু উত্তোলনের বিষয়টি স্বীকার করে বলেন, ‘ভূমি মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে আমি আমার জমি থেকে বালু কাটছি। এ বিষয়ে স্থানীয় উপজেলা ও থানা প্রশাসনকেও জানানো হয়েছে।’
নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ মিথুন বলেন, কয়েক দিন আগে বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছিল। আবারও যদি এই অবৈধ কাজ চালু হয়ে থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
ঢাকার জেলা প্রশাসক মো. সালাহউদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে খোঁজ নিয়ে অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’