ইছামতী থেকে বালু লুটের অভিযোগ
বগুড়ার ধুনটে এক বালু ব্যবসায়ী শ্যালো ইঞ্জিন দিয়ে ১৫ দিন ধরে ইছামতী নদীর মোহনপুর ঘাট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এর ফলে নদীর তীরবর্তী জনবসতি, আবাদি জমি ও রাস্তায় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে বলে স্থানীয় লোকজন জানিয়েছেন।
ওই ব্যবসায়ীর নাম ফজলুল হক। তিনি পারধুনট গ্রামের বাসিন্দা।
সরেজমিন দেখা যায়, উপজেলার চিকাশি ইউনিয়নে ইছামতী নদীর মোহনপুর ঘাট এলাকায় ড্রামের ওপর বসানো হয়েছে শ্যালো ইঞ্জিনচালিত খননযন্ত্র। এর সাহায্যে পাইপ দিয়ে নদীর তলদেশ থেকে খনন করে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। নদীর দুই তীরে রয়েছে বাড়িঘর ও আবাদি জমি।
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ফজলুল হক ওই বালু এলাকার আড়কাটিয়া গ্রামের পন্ডিতা মিয়ার কাছে বিক্রি করছেন। ফজলুল হক প্রভাবশালী ব্যক্তি। ভয়ে এলাকার কেউ বিষয়টি প্রশাসনকে জানাতে সাহস পাচ্ছে না। তাঁদের অভিযোগ, বর্ষা মৌসুমে নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে প্রবল স্রোতে বাড়িঘর, আবাদি জমি ও সড়ক ভাঙনের শিকার হবে।
ফজলুল হক বলেন, আড়কাটিয়া গ্রামের পন্ডিত মিয়ার বাড়ির সামনের খাদ ভরাটের জন্য ৩০ হাজার টাকার বালু উত্তোলনের চুক্তি হয়েছে। সেই অনুযায়ী প্রতিদিন প্রায় ২ হাজার ঘনফুট বালু উত্তোলন করা হচ্ছে। এই বালু উত্তোলনের ফলে বাড়িঘর, আবাদি জমি কিংবা সড়কের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই। তবে ইছামতী নদী থেকে বালু উত্তোলনে সরকারি কোনো অনুমতি নেই বলেও তিনি জানান।
ইউএনও হাফিজুর রহমান বলেন, অনুমোদিত বালুমহাল ছাড়া অন্য কোনো স্থান থেকে বালু উত্তোলনের কোনো বিধান নেই। ওই বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।