ইছামতী দখলমুক্ত করতে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঐতিহ্যবাহী ইছামতী নদীকে দখলদারদের কবল থেকে মুক্ত করার দাবিতে গতকাল সোমবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।

জেলা সদরের অনন্ত বাঁধ এলাকায় নদীর উৎসমুখ দখল করে বিভিন্ন স্থাপনা তৈরির প্রতিবাদে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় লোকজন কিছু অবৈধ স্থাপনাও গুঁড়িয়ে দেন।

এলাকাবাসী সূত্র জানায়, শহরের অনন্ত বাঁধ এলাকায় শিতলাই ঘাট ইছামতী নদীর উৎসমুখ। এখান দিয়েই নদীর পানি প্রবেশ করে ও নিষ্কাশিত হয়। কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি দিনে দিনে নদী দখল করায় উৎসমুখটি বন্ধ হয়ে যায়। এ কারণে নদীতে পানি প্রবেশ ও নিষ্কাশন বাধাগ্রস্ত হয়ে পুরো নদীটি ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়। কিন্তু দীর্ঘদিন ধরে বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ফলে নদীর উৎসমুখ দখলমুক্ত করতে এলাকাবাসী একত্র হন।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুর ১২টার দিকে অনন্ত বাঁধের চারপাশের কয়েকটি মহল্লা থেকে কয়েক শ লোক এসে নদীপাড়ে অবস্থান নেন। এরপর তাঁরা নদী দখলমুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। খবর পেয়ে তাঁদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন ও পাবনা পৌরসভার মেয়র কামরুল হাসান বিক্ষোভ মিছিলে যোগ দেন। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিতলাই ঘাট এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে তাঁরা সমাবেশ করেন। এ সময় বিক্ষুব্ধ ব্যক্তিরা নদীপাড়ের কয়েকটি স্থাপনা ভেঙে দেন।

সমাবেশে বক্তারা বলেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ইছামতী নদীর জায়গা দখল করায় পৌর এলাকার পানি ও পয়োনিষ্কাশন চরমভাবে ব্যাহত হচ্ছে। এতে নদীতে ময়লা-আবর্জনা জমে মারাত্মকভাবে পরিবেশদূষণ হচ্ছে। মশার উপদ্রব বৃদ্ধি পাচ্ছে। অবিলম্বে নদী দখলমুক্ত করা না হলে পাবনা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। তাই তাঁরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন। সরকারিভাবে নদী দখলমুক্ত করার ব্যবস্থা করা না হয়, তবে তাঁরা নিজেরাই অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে নদীর পানিপ্রবাহ স্বাভাবিক করার চেষ্টা করবেন।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, দখলদারেরা অবৈধ পন্থায় কাগজপত্র তৈরি করে নদী দখল করেছেন। কীভাবে তাঁরা কাগজপত্র তৈরি করলেন, তা খতিয়ে দেখা হবে। দখলদারেরা যত প্রভাবশালীই হোন না কেন, অবিলম্বে তাঁদের উচ্ছেদ করে পানিপ্রবাহ স্বাভাবিক করা হবে।

পৌরসভার মেয়র কামরুল হাসান বলেন, ‘ইছামতী দখলমুক্ত করতে আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছি। কিন্তু এটা কারো একার পক্ষে সম্ভব নয়। সরকারি সব দপ্তরকে এগিয়ে আসতে হবে।’

দীর্ঘদিন ধরে পাবনাবাসী ইছামতী নদী দখলমুক্ত করার দাবি করে আসছেন। জেলা প্রশাসন দখলদারদের তালিকাও তৈরি করেছে। বিভিন্ন রাজনৈতিক দল বহুবার নদীটি দখলমুক্ত করে খননের প্রতিশ্রুতিও দিয়েছে। কিন্তু দীর্ঘদিনেও নদীটি দখলমুক্ত বা খননের কোনো উদ্যোগ নেওয়া হয়নি।